জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সম্পাদক (যুগ্ম সদস্য সচিব) সালেহ উদ্দিন সিফাত বিএনপি ও ছাত্রদলকে ইঙ্গিত করে বলেছেন, এদের রাজনীতি হইলো এরকম নোংরা এবং লীগসুলভ। যারা লীগ হইতে চায়, ওরা কোনো সিভিক আচরণ ডিজার্ভ করে না। ওদের জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীই ঠিক আছে।
গতকাল শুক্রবার (২২ মে) নিজের এক ফেসবুক পোস্টের কমেন্টে এমন মন্তব্য করেন তিনি।
মূল পোস্টে তিনি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর ছাত্রদলের হামলার প্রতিবাদ জানান। তিনি লেখেন, ‘ঝিনাইদহে ছাত্রদলের সন্ত্রাসীরা থানায় অবস্থানরত নাসীরুদ্দীন পাটওয়ারী ও নেতাকর্মীদের ওপর আবারও হামলা চালিয়েছে। মামলা নিতে বিলম্ব করে থানা ইচ্ছাকৃতভাবে এনসিপির নেতাকর্মীদের রাত পর্যন্ত অপেক্ষা করিয়েছে, যাতে করে ছাত্রদল রাতের আধারে হামলা করতে পারে। শেইম! পুলিশ ফের দলীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সামলাতে না পারলেও ছাত্রদলকে দিয়ে হামলা করাতে বেশ পটু। দ্যা প্ল্যান অব তারেক রহমান!।’
এনসিপির এ নেতা আরো লেখেন, ঘোষণা দিয়ে ঝিনাইদহ ছাত্রদল হামলা করেছে। শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা না আসলে এভাবে ঘোষণা দিয়ে কেউ হামলা করার সাহস পেত না। এটা তারেক রহমানের প্ল্যানেরই অংশ।
এরপর নিজ পোস্টের কমেন্ট বক্সে তিনি আবার লেখেন, আজকে সকালেও এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর হওয়া অন্যায্য সমালোচনার প্রতিবাদ করলাম। আর এদের রাজনীতি হইলো এরকম নোংরা এবং লীগসুলভ। যারা লীগ হইতে চায়, ওরা কোনো সিভিক আচরণ ডিজার্ভ করে না। ওদের জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীই ঠিক আছে।