‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের আগমুহূর্তে প্রকাশিত এক জনমত জরিপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump–এর দ্বিতীয় মেয়াদ নিয়ে বাড়তে থাকা অসন্তোষের চিত্র উঠে এসেছে। জরিপ বলছে, অর্ধেকের বেশি আমেরিকান মনে করছেন, ট্রাম্পের নেতৃত্বে দেশ সঠিক পথে এগোচ্ছে না।
এনপিআর,পিবিএস নিউজ এবং মারিস্ট পোল- এর যৌথ জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারী প্রাপ্তবয়স্কদের ৫৫ শতাংশের মতে, ট্রাম্পের কর্মকাণ্ড দেশকে আরও খারাপ অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। তাঁর প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় এই নেতিবাচক মনোভাব ১৩ শতাংশ বেশি। এমনকি গত এপ্রিলের তুলনায়ও অসন্তুষ্টির হার বেড়েছে ৪ শতাংশ।
জরিপে রাজনৈতিক বিভাজনের ছবিটিও স্পষ্ট। ডেমোক্র্যাট সমর্থকদের ৯০ শতাংশই মনে করেন, এক বছর আগের তুলনায় দেশের অবস্থা এখন অবনতির দিকে। বিপরীতে রিপাবলিকানদের ৮২ শতাংশ বলছেন, পরিস্থিতির উন্নতি হয়েছে।
তবে সবচেয়ে উদ্বেগজনক দিক হলো- গণতান্ত্রিক ব্যবস্থার ওপর নাগরিকদের আস্থা কমে যাওয়া। ‘চেক অ্যান্ড ব্যালান্স’ বা ক্ষমতার ভারসাম্য রক্ষার ব্যবস্থায় সন্তুষ্টির হার গত এক বছরে ৪৩ শতাংশ থেকে নেমে দাঁড়িয়েছে ৩২ শতাংশে।
এদিকে Pew Research Center–এর সাম্প্রতিক জরিপে দেখা গেছে, মাত্র ২৭ শতাংশ আমেরিকান ট্রাম্পের অধিকাংশ নীতি বা পরিকল্পনাকে সমর্থন করেন। এমনকি তাঁর নিজ দল রিপাবলিকানদের মধ্যেও কিছুটা আস্থার ঘাটতি দেখা যাচ্ছে। গত বছর যেখানে ৭৫ শতাংশ রিপাবলিকান ট্রাম্পকে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে উপযুক্ত মনে করতেন, এখন সেই হার কমে হয়েছে ৬৬ শতাংশ। প্রশাসনিক নৈতিকতা বজায় রাখার ক্ষেত্রেও দলীয় সমর্থন ৫৫ শতাংশ থেকে নেমে এসেছে ৪২ শতাংশে।
জরিপের ফলাফল প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক The Guardian। বিশ্লেষকদের মতে, নির্বাচনের প্রাক্কালে এ ধরনের জনমত ট্রাম্প প্রশাসনের জন্য বড় সতর্কবার্তা হয়ে উঠতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান।