জাতীয় সংসদে বাংলাদেশে কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান।
আজ বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। অধিবেশনের এ পর্যায়ে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এ সময় তিনি বলেন, আমরা আল্লাহর আইন চাই। আপনারা (সরকারি দল) আল্লাহর আইন বিরোধীতা করবেন না বলেছেন। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কুরআনের আইন প্রতিষ্ঠা করি। আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দান করুক। আমিন।
তিনি আরও বলেন, কুরআন মাজিদের একটা আয়াতকে কেন্দ্র করে এটা ভুল বুঝাবুঝি হচ্ছে। আল্লাহ সূরা তওবার ১১১ নাম্বার আয়াতে বলেছেন, আল্লাহ তায়ালা জানমালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা আল্লাহর কথা। আপনি আল্লাহর পথে জানমাল দিবেন, বিক্রি করবেন জান্নাতে যেতে পারবেন। আর জানমাল আল্লাহর পথে দিবেন না তাহলে আপনার কপালে জান্নাত হবে না। এটা আল্লাহর কথা; মানুষের কথা না।
প্রধানমন্ত্রীর কাছে জবাব চেয়ে তিনি বলেন, আমি চ্যালেঞ্জ দিলাম জামায়াতে ইসলামের কোন নেতা বলেছে, আমার কাছে জান্নাতের টিকিট আছে বিক্রি করছি? মাননীয় প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে কেন তিনি এটা বলেছেন।
জামায়াত নেতা মুজিবুর রহমান বলেন, আমাদের ফখরুল ইসলাম সাহেব বলেছেন, আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না। পরে আত্মসমর্পণ করে নির্বাচনের আগে বলেছেন, শরীয়তের বিরুদ্ধে আমরা কোনো আইন পাস করব না। ধন্যবাদ ওনাকে অন্তত তওবা করে ফিরে এসেছেন। আমরা আল্লাহর আইন চাই।