মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা, যা বললেন মুফতী আলী হাসান উসামা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক–এর বিরুদ্ধে মামলা করার ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াত কর্মী মুফতী আলী হাসান উসামা। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ–এর এ ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে।

রোববার সকালে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দলীয় নেতাকর্মীদের দেখতে গিয়ে ববি হাজ্জাজ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে মামুনুল হককে প্রধান আসামি করে একাধিক মামলা করা হবে। তিনি দাবি করেন, নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

মন্ত্রী বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে যারা কেন্দ্র দখল ও সহিংসতায় জড়িয়েছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘোষণার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান মুফতী আলী হাসান উসামা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘ধান ক্ষমতায় গেলে নাকি আলিমরা খুব নিরাপদ থাকবে—কিছু লোক এই থিউরি কপচাত। ববি মন্ত্রী হয়েই মামলার হুমকি দিয়েছে শায়খুল হাদিসের বিরুদ্ধে। পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।’

তার এ বক্তব্যে ক্ষমতাসীনদের দেওয়া প্রতিশ্রুতি ও বর্তমান অবস্থার মধ্যে বৈপরীত্যের অভিযোগ উঠে আসে। বিশেষ করে ‘আলিমদের নিরাপত্তা’ প্রসঙ্গ টেনে তিনি রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেন।

এদিকে মামলার ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আলী হাসানের বক্তব্যের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, সহিংসতার অভিযোগ এবং পাল্টাপাল্টি বক্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ