জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের উপস্থিতিতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় চলমান সমাবেশে বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন।
মঙ্গলবার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেছেন, সোমবার রাতের ওই হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বলেন, এর আগে জাতি ওসমান হাদির শাহাদাত দেখেছে। জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতৃত্বের প্রতি পতিত ফ্যাসিবাদের জিঘাংসা নতুন কিছু নয়। তাই এনসিপির সমাবেশ ও নাহিদ ইসলামের উপস্থিতি যে বিশেষ নিরাপত্তা প্রয়োজন তৈরি করে, তা অনুধাবন করা কঠিন কিছু নয়। এ ছাড়া সাধারণ অর্থে রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক সমাবেশের নিরাপত্তা প্রদান করা সরকারের দায়িত্ব। রাজনৈতিক সমাবেশে এই ধরনের হামলা রাষ্ট্রের সামগ্রিক নিরাপত্তাহীনতার লক্ষণ।
তিনি আরও বলেন, এই হামলা থেকে বড় ধরনের হতাহতের ঘটনাও ঘটতে পারতো। সরকারের গোয়েন্দা বিভাগসহ নিরাপত্তা বিভাগকে এজন্য দায় নিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘটনার বিস্তারিত তদন্ত দাবি করছে এবং সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তাদেরও তদন্তের আওতায় আনার দাবি করছে। ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, আমরা দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা দেখতে চাই।