গতকাল (২৭ এপ্রিল'২৬) রাজধানীর মোহাম্মদপুরস্থ আমীরে মজলিসের রাজনৈতিক কার্যালয়ে মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগরের বাংলাদেশ খেলাফত মজলিস ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এলাকায় ক্রমবর্ধমান সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এসব অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আগামী ১৫ মে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে বৃহৎ নাগরিক সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি তার বক্তব্যে বলেন, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলার অবনতি সাধারণ মানুষের জীবনে চরম অনিরাপত্তা সৃষ্টি করছে। এ পরিস্থিতি উত্তরণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি নাগরিকদের সম্পৃক্ত করে একটি শান্তিপূর্ণ ও গণমুখী আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য নাগরিক সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান এবং এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, ঢাকা মহানগর উত্তরের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ, অফিস সম্পাদক জনাব এইচ এম খোকন, নির্বাহী সদস্য নাঈমুল হক আজিজ, শায়খুল হাদিস (রহ.) এর সাহেবজাদা মাওলানা মাসরুরুল হক, যুব মজলিস সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মোহাম্মদপুর থানা সভাপতি মাওলানা নুরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক রাহমানী, সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদসহ স্থানীয় ও বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।