
গণভোটের রায় বাস্তবায়নে জেলায় জেলায় নাগরিক সমাবেশের সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।তিনি বলেছেন, গণভোটের মাধ্যমে দেশের জনগণ তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছেন। এই রায়ের প্রতি শ্রদ্ধা জানানো এবং তা দ্রুত বাস্তবায়ন করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সকল মহলের নৈতিক দায়িত্ব। জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো টেকসই সমাধান প্রতিষ্ঠা সম্ভব নয়।
সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুরস্থ নিজ কার্যালয়ে দলের নির্বাচিত সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ ও মাদারিপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা সাইদ উদ্দিন আহমদ হানজালা।
বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও বর্তমান করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।রাজনৈতিক বিশ্লেষণ
মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সবসময়ই জনগণের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছে। গত ২৪ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশ থেকে ঘোষিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশের প্রতিটি জেলায় নাগরিক সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। এই সমাবেশগুলোর মাধ্যমে জনগণের ঐক্যবদ্ধ কণ্ঠ আরো জোরালভাবে প্রতিফলিত হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ উপায়ে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে এবং জনগণের কাছে দলের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে। সকল ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
বৈঠকে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, ঐক্যবদ্ধ জনমতের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি বাস্তবায়ন সম্ভব হবে এবং দেশের অগ্রযাত্রা আরো সুদৃঢ় হবে।



