
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২২৫ প্রার্থীর নির্বাচনী ব্যয়সহ দলের সার্বিক খরচের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১২ মে) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এ হিসাব বিবরণী জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে জামায়াতের মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে ২২৫ প্রার্থীর জন্য দলীয় অনুদান হিসেবে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। সে হিসাবে প্রতিটি প্রার্থী গড়ে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা করে সহায়তা পেয়েছেন।
ইসিতে জমা দেওয়া হিসাব অনুযায়ী, নির্বাচনী ইশতেহার ডিজাইন ও মুদ্রণ, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, প্রচারসামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং আইসিসিতে বিজ্ঞাপন প্রচারসহ বিভিন্ন খাতে এ অর্থ ব্যয় করা হয়েছে।
খাতভিত্তিক ব্যয়ের মধ্যে নির্বাচনী প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ ও পরিবহন খাতে খরচ হয়েছে ৮ হাজার ৭০০ টাকা। এছাড়া জনসভা ও সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯, স্টাফ ব্যয় ২ লাখ ৮৫ হাজার ৯০২ এবং আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা ব্যয় দেখানো হয়েছে।
এছাড়া বিবিধ খাতে আরও ২ লাখ টাকা ব্যয়ের তথ্য উল্লেখ করা হয়েছে দলটির দাখিল করা হিসাব বিবরণীতে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মোট ৭৭টি আসনে জয় পায় এবং জামায়াত তাদের ইতিহাসে সর্বোচ্চ ৬৮টি আসনে জয়লাভ করে।
