
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে ইমিগ্রশনে বাধা দেওয়ার ঘটনার প্রতিক্রিয়া হিসেবে ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ানকুমার বঢ়েকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৫ জুন) বিকেলে তিনটায় তাকে তলব করা হয় বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহিদুল করিম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মি. করিম জানান, “প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমানের সাথে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে আমাদের অসন্তোষ ব্যক্ত করা হয়েছে”।
এর আগে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও বলেন, দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই প্রত্যাশিত নয়। ঘটনার বিস্তারিত খবর নিচ্ছে সংশ্লিষ্ট উইং। তারপরে সরকার ব্যবস্থা গ্রহণ করবে।
প্রসঙ্গত, জাহেদ উর রহমান একটি সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী দিল্লিতে গেলেও ইমিগ্রেশনের বাধার মুখে অনেকটা সময় দিল্লি বিমানবন্দরে বসে থাকার পর শেষ পর্যন্ত সোমবার দুপুর নাগাদ ঢাকায় ফিরে এসেছেন।
