
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে গরুভর্তি একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা গেছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার সুখিয়া বাজারসংলগ্ন কিশোরগঞ্জ-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার পুনদাই মাদ্রাসা এলাকার আবু সাঈদের ছেলে বিল্লাল হোসেন (৪৫), আবদুস ছোবহানের ছেলে খুরশেদ (৬০) এবং পিকআপচালক খোকন (৩৯)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা গরুভর্তি একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালকসহ সামনে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পিকআপের পেছনে থাকা আরও দুজন গুরুতর আহত হন। দুর্ঘটনায় পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পিকআপে থাকা ছোট-বড় মিলিয়ে ছয়টি গরুও মারা যায়।
খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
