
বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ্বযাত্রীদের জন্য তিনটি হজ্ব প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।
বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনার হজ্ব প্যাকেজগুলো ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশেষ হজ্ব প্যাকেজের খরচ পড়বে ৭ লাখ ৯১ হাজার টাকা। সাধারণ হজ্ব প্যাকেজে খরচ হবে ৫ লাখ ৯৫ হাজার টাকা। আর সাশ্রয়ী প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।
এ ছাড়া হজ্বযাত্রীদের চাহিদা অনুযায়ী এজেন্সিগুলো আরও একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে। ওই বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্ব পালনের সুযোগ পাবেন।
