সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে মন্তব্য করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ কারণেই তারা লংমার্চ কর্মসূচি দিয়ে মাঠে নেমেছেন। তিনি বলেন, ‘এ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা মাঠে নেমেছি।’
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ১১ দলীয় ঐক্যের লংমার্চে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমড়াইল মোড়ে পথসভায় তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, গ্যাস, বিদুৎ, জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে নেমেছি। এই দাবিগুলো আদায় না করে ঘরে ফিরব না।
পথসভায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও ১১ দলীয় ঐক্যের নারায়ণগঞ্জের সমন্বয়ক মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল ওলি আহমেদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ, জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আলহাজ্ব মমিনুল হক সরকার। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির, অধ্যাপক মাসউদুর রহমান গিয়াস, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মহানগরী জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম প্রমুখ।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটসহ জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসন ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে দলীয়করণ বন্ধ করা, এই ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
এদিন সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। লংমার্চের যাত্রাপথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিমরাইল, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ট্রাকস্ট্যান্ড এলাকায় প্রথম পথসভার আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য।
