পার্সটুডে-জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে অস্থায়ী নৌ চলাচলের একটি পথ নির্ধারণে ইরান ও ওমানের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, হরমুজ প্রণালিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উপায় হলো ইসলামাবাদ সমঝোতায় স্বাক্ষর করা ও নিজেদের দেওয়া প্রতিশ্রুতিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা এবং তা মেনে চলা।
বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানায়, মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগির সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় এবং সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।
আরাকচি বর্তমান আঞ্চলিক উত্তেজনার জন্য ইসলামাবাদ সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি লঙ্ঘনকে দায়ী করেন। তিনি বলেন, সমাধান সহজ। ইসলামাবাদ সমঝোতায় যুক্তরাষ্ট্রের ফিরে আসা, তার প্রতিশ্রুতি ও স্বাক্ষরের প্রতি আনুগত্যই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসার পথ তৈরি করবে।
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে আরাকচি বলেন, প্রণালি দিয়ে অস্থায়ী নৌ চলাচলের একটি পথ নির্ধারণে দুই দেশের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একইসঙ্গে হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনার কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছাতে ইরান ও ওমানের মধ্যে আলোচনা অব্যাহত রাখার ওপর জোর দেন তিনি।
জাপানের পররাষ্ট্রমন্ত্রীও অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে আঞ্চলিক দেশ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কূটনৈতিক আলোচনা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আঞ্চলিক নিরাপত্তা এবং হরমুজ প্রণালি দিয়ে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
