জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমেরিকার একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে জর্ডানের ওই মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান পরে মেরামত করে আবার কাজে ফেরানো হয়েছে। একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমানের একটি ডানা ভেঙে গেছে।
সিবিএস নিউজের সাংবাদিক জেনিফার জ্যাকবসের বরাতে রয়টার্স জানিয়েছে, হামলার সময় জর্ডানে থাকা আমেরিকার বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এর আগে মঙ্গলবার আমেরিকা দাবি করে, ইরান একটি মার্কিন নৌযানে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে। এর পর আমেরিকার সামরিক বাহিনী পাঁচটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর কথা জানায়। এর জবাবেই ইরান জর্ডানে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) দাবি, পাল্টা হামলায় তারা আটটি তেলবাহী ট্যাঙ্কার ও দুটি যুদ্ধজাহাজে আঘাত হেনেছে। একইসঙ্গে জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব দাবির সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি প্রতিহত করা হয়েছে এবং দুটি জনবসতিহীন এলাকায় পড়ে। হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানায় জর্ডান।
সূত্র: রয়টার্স
