খুলনা মহানগরীর খালিশপুরে প্রেমের সম্পর্কের বিরোধের জেরে প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তরুণীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর আলমনগর বাজারসংলগ্ন পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তরুণের নাম অনিক হাসনাত মুন্না (১৯)। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তার বাড়ি ঝিনাইদহের শৈলকূপা এলাকায়। তার বাবার নাম নজরুল ইসলাম।
অভিযুক্ত ববি আক্তার (১৯) একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তিনি নগরীর সোনাডাঙ্গার শেখপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনিক ও ববির মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি অন্য এক মেয়ের সঙ্গে অনিকের কথা বলা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এর জের ধরে সোমবার সকালে আলমনগর বাজারের নিকটবর্তী পালপাড়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে ববি বাসায় ব্যবহৃত একটি ছুরি দিয়ে অনিকের পেটে আঘাত করেন। এতে তিনি সামান্য আহত হন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ জানান, দুজনই পলিটেকনিকের শিক্ষার্থী এবং সহপাঠী। প্রেমের সম্পর্কের বিষয়টি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল। মেয়েটি কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন বলে জানান তিনি। ছুরিকাঘাতে অনিক গুরুতর আহত হননি।
ওসি আরও জানান, ঘটনার পর অনিক থানায় এসে বিষয়টি জানান। তবে তিনি ববির বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দিতে চাননি। উভয় পক্ষের অভিভাবকেরা থানায় উপস্থিত হয়েছেন। তাদের সঙ্গে আলোচনা করে পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
