২০২৭ সালের পবিত্র হজ ব্যবস্থাপনাসংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও সৌদি আরব। সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ।
চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের কোটা, আবাসন, পরিবহন, মিনা ও আরাফাতে অবস্থানসহ সার্বিক ব্যবস্থাপনা এবং বিভিন্ন সেবার বিষয় নির্ধারণ করা হয়েছে।
জেদ্দায় চলমান ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন ও প্রদর্শনী উপলক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় জেদ্দার সুপারডোমে সম্মেলনের উদ্বোধন করেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের মন্ত্রী, রাষ্ট্রদূত ও হজবিষয়ক কর্মকর্তারা।
২০২৭ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশি হজযাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করা, আবাসন ও যাতায়াত ব্যবস্থার সমন্বয় এবং হজ কার্যক্রম আরও সহজ ও সুশৃঙ্খল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, দ্বিপক্ষীয় এ চুক্তির ফলে আগামী হজ মৌসুমের প্রস্তুতি আরও গতিশীল হবে এবং বাংলাদেশি হজযাত্রীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করা সহজ হবে।
আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৭ হাজার ৫০০ জন হজে যেতে পারবেন।
