সারাদেশে আওয়ামী লীগের একের পর এক সহিংসতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের অধীন মোহাম্মদপুর পূর্ব থানা শাখা।
আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মোহাম্মদপুরের বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রতিবাদ মিছিলটি শিয়া মসজিদ, টাউনহল বাজার হয়ে আল্লাহ করীম মার্কেটের সামনে এসে সমাপ্ত হয়।
মোহাম্মদপুর পূর্ব থানা শাখার সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মুহাম্মদ আদনান রাফি।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আদনান রাফি সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যকর কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব নৈরাজ্যকর কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিমের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মুশফিকুর রহমান, বাইতুলমাল সম্পাদক শামীম আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক রবিউল আলম, সমাজকল্যাণ সম্পাদক কাউসার আহমদ এবং স্কুল-কলেজ সম্পাদক মারুফ আহমদ তাজ। এছাড়াও থানা ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও জনশক্তিরা মিছিলে অংশগ্রহণ করেন।
