জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও জুলাই যোদ্ধা হাসিব আল ইসলামের ওপর সশস্ত্র হামলা চালানোর ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এটির অঙ্গসংগঠনগুলোর দিকে অভিযোগের তীর উঠেছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারে হাসিব ও তার সঙ্গে থাকা এক নারীকে বহন করা একটি অটোরিকশা থামিয়ে রাস্তার মাঝখানে তাদের ওপর হামলা চালানো হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ হামলা সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যায়, হাসিব ও তার সঙ্গে থাকা এক নারীকে বহন করা বাহনকে থামিয়ে হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিচ্ছেন হামলাকারীরা। এক পর্যায়ে, তারা হাসিবকে চাপাতি দিয়ে কোপানো শুরু করে। এসময় হাসিব হামলা থেকে বাঁচতে দৌঁড়াদৌড়ি করতে থাকেন।
এ বিষয়টি জানিয়ে এনসিপির মিডিয়া সেক্রেটারি এক বার্তায় লেখেন, “এনসিপির ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর গুপ্ত হামলা চালিয়েছে আওয়ামী লীগ। আজ মৌলভীবাজারে তার ওপর এ হামলা চালানো হয়। হামলাকারী হাসিব আল ইসলামকে জুলাই জঙ্গি বলে চাপাতি দিয়ে তাকে কোপাতে শুরু করে।”
অন্যদিকে, এ বিষয়ে জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় ছাত্রশক্তির সাবেক আহ্বায়ক জাহিদ আহসান। এতে তিনি লেখেন, “জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিব আল ইসলামের উপর মৌলভীবাজারে সন্ত্রাসী লীগ দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে হামলা করেছে। হামলায় হাসিব আহত। চিকিৎসাধীন আছে।”
তিনি আরও লেখেন, “হাসিব আল ইসলামের উপর হামলার তীব্র নিন্দা জানাই। নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বিএনপি সরকারকে ব্যবস্থা নিতে হবে। নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
