মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা কর্তৃক হামলার শিকার হয়েছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার রাধানগর সড়কে এ হামলার ঘটনা ঘটে। এ সময় তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে অটোরিকশায় করে যাচ্ছিলেন। হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন এনসিপি ও ছাত্রশক্তির নেতারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন হাসিব আল ইসলাম ও তাঁর সঙ্গে থাকা এক তরুণী। এ সময় ভিডিও ধারণকারী এক ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করেন। প্রথমে হাসিবের সঙ্গে হাত মেলান ওই ব্যক্তি। এরপর তাঁকে উদ্দেশ করে গালাগাল ও আপত্তিকর মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে হঠাৎ তাঁর ওপর হামলা চালান। হামলাকারীর হাত থেকে বাঁচতে অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে যান হাসিব। ভিডিওর শেষাংশে মাটিতে পড়া ছায়ায় হামলাকারীর হাতে চাপাতি থাকার ইঙ্গিত পাওয়া যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৮ নভেম্বর শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ওঠেন হাসিব আল ইসলাম। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা ফেরার উদ্দেশ্যে রিসোর্ট থেকে বের হওয়ার পর রাধানগর সড়কে হামলার শিকার হন তিনি। এতে তাঁর হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে বলে জানিয়েছেন এনসিপি ও ছাত্রশক্তির নেতারা।
হামলার পর হাসিব ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে প্রথমে জানান দলীয় নেতারা। তবে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস জানান, ঘটনার পর হাসিব ট্রেনে করে কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছেন। সেখান থেকে আবার শ্রীমঙ্গলে ফিরবেন। তিনি ফিরে এলে থানায় মামলা দায়েরসহ পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।
ছাত্রশক্তির মৌলভীবাজার জেলার মুখ্য সংগঠক রাফি হোসেন ফাহিম বলেন, “আমরা এখন শ্রীমঙ্গলে আছি। জুলাই যোদ্ধা হাসিব আল ইসলামের ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল হবে। পরে থানায় মামলা দায়ের হবে।”
এনসিপির মৌলভীবাজার জেলার আহ্বায়ক খালেদ আহমদ বলেন,“হাসিব তাঁর স্ত্রীকে নিয়ে বেড়াতে এসে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা শ্রীমঙ্গলে আছি।”
এদিকে হামলার খবর পেয়ে শ্রীমঙ্গল থানায় যান এনসিপি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। সন্ধ্যায় বিক্ষোভ মিছিল এবং পরে মামলা করার প্রস্তুতির কথা জানিয়েছেন স্থানীয় এনসিপি ও ছাত্রশক্তির নেতারা।
ঘটনার বিষয়ে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু গণমাধ্যমকে বলেন, “আমরা এরকম একটি ভিডিও দেখে স্বপ্রণোদিত হয়ে খোঁজ নিচ্ছি। ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে মুঠোফোনে পাচ্ছি না। হামলাকারীদের পরিচয় শনাক্ত করতে আমরা কাজ করছি।”
উল্লেখ্য, জাতীয় ছাত্রশক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন। হামলার ঘটনায় এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।
