মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগে এ জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নম্বরপ্লেট লাগানো যাবে।
বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সড়ক পরিবহণ আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের দিকেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ নিয়ম অনুসারে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত শর্ত মেনে সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর অনুরোধ জানিয়েছে বিআরটিএ।
নম্বরপ্লেটের মাপ ও শর্ত
স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অক্ষর ও সংখ্যার উচ্চতা হতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
নম্বরপ্লেট তৈরির নিয়ম
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, ম্যানুয়াল নম্বরপ্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের শোভাবর্ধন বা নকশা করা যাবে না।
এ ছাড়া স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় লিখতে হবে। যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯।
