সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের দুটি সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য ১১ নভেম্বর ২০২৬ তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ দিন ধার্য করেন।
আদালতে আসিফ মাহমুদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন, ইউসুফ আলী ও জহিরুল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান।
গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে রিট আবেদনটি দায়ের করা হয়। রিট পিটিশন নম্বর ১৩৮৮৫/২০২৬। এতে বিবাদী করা হয়েছে দুদকের চেয়ারম্যান, কমিশনের উপপরিচালক (জনসংযোগ কর্মকর্তা) ও সহকারী পরিচালককে (জনসংযোগ কর্মকর্তা)।
রিটে গত ২ ও ১৩ সেপ্টেম্বর ২০২৬ দুদকের দেওয়া দুটি সংবাদ সম্মেলনকে বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে অনুসন্ধানাধীন বা বিচারাধীন বিষয়ে সংবাদ সম্মেলন করা থেকে দুদককে বিরত রাখার নির্দেশনা এবং আগে দেওয়া বক্তব্যের বিষয়ে একই গুরুত্ব দিয়ে আনুষ্ঠানিক প্রত্যাহার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিট আবেদনে বলা হয়, গত ২ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির এক উপপরিচালক আসিফ মাহমুদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বদলি, নিয়োগ ও পদোন্নতি-বাণিজ্যের অভিযোগে ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলে জানান। আবেদনকারীর বক্তব্য, অভিযোগের অনুসন্ধান শুরুর পর্যায়েই এ ধরনের বক্তব্য দেওয়ার আইনি এখতিয়ার দুদকের নেই।
রিটে আরও উল্লেখ করা হয়, ৯ সেপ্টেম্বর দুদক সচিব গণমাধ্যমের প্রশ্নের জবাবে ওই বক্তব্যকে ‘মুখ ফসকে বলা’ কথা হিসেবে উল্লেখ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাও সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বক্তব্যটিকে অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেন। তবে দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বক্তব্য প্রত্যাহারের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। পরে ১০ সেপ্টেম্বর আইনি নোটিশ পাঠানো হয়।
এরপর ১৩ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ, জেলা প্রশাসকদের পদায়ন, ওয়াসা ও এলজিইডি-সংক্রান্ত বিষয়, উন্নয়ন প্রকল্পের দরপত্র এবং বিদেশে অর্থ পাচারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেওয়া হয়।
রিটে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন আসিফ মাহমুদ। তাঁর বক্তব্য অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অতিরিক্ত দায়িত্ব পালনের বিষয়টি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায় এবং পরবর্তী মন্ত্রণালয়ের আদেশের পর শেষ হয়। এ ছাড়া ১৫০ জন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতি কার্যকর হয় ১১ মে ২০২৬, যা তাঁর পদত্যাগের প্রায় পাঁচ মাস পর। তিনি পদত্যাগ করেন ১১ ডিসেম্বর ২০২৫।
রিট আবেদনে আরও বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর তাঁর সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব সংবাদ সম্মেলন করা হয়েছে। আবেদনকারীর মতে, এ ধরনের বক্তব্য গণমাধ্যমে প্রচার ‘মিডিয়া ট্রায়াল’-এর পরিস্থিতি তৈরি করে এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত আইনের আশ্রয় ও আইন অনুযায়ী আচরণ পাওয়ার অধিকারের পরিপন্থী। পাশাপাশি দুদকের ২০১১ সালের তথ্য অবমুক্তকরণ নীতিমালারও লঙ্ঘন বলে রিটে উল্লেখ করা হয়েছে।
