সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়ার বার্ষিক মাহফিলে বক্তব্যের প্রতিবাদ করায় তাঁর বাবা মাওলানা কারী উবায়দুর রহমানের ওপর হামলা ও ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে। এ ঘটনায় প্রকৃত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
গত ১০ নভেম্বর সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়ার বার্ষিক মাহফিলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত আলেমের ছেলে ইবনে উবায়েদ। সম্প্রতি নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
পোস্টে তিনি জানান, মাহফিলে মুজিবুর রহমান চাঁদপুরী কর্তৃক পবিত্র কোরআনের অপব্যাখ্যা এবং আমীরে মজলিসকে কটূক্তি করার প্রতিবাদ করেছিলেন তাঁর বাবা মাওলানা কারী উবায়দুর রহমান। এর জের ধরে তাঁর বাবার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
ইবনে উবায়েদ জানান, মাদরাসার মাঠ থেকে গেট পর্যন্ত তাঁর বাবাকে আক্রমণ করা হয়। এ সময় হামলাকারীদের কয়েকজনের পরনে পাঞ্জাবি ও টুপি ছিল বলে তিনি উল্লেখ করেন। মাদরাসার গেটের বাইরে যাওয়ার সময় সাধারণ মানুষের মধ্য থেকেও কয়েকজন হামলায় অংশ নেয় বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে তাঁর বাবার কোমরে ছুরি দিয়ে আঘাত করা হয়।
তিনি আরও জানান, হামলার সময় মাদরাসার কয়েকজন স্বেচ্ছাসেবী তাঁর বাবাকে রক্ষার চেষ্টা করেন। তাঁদের মধ্যে কয়েকজন তাঁর বাবার ছাত্র ও তাঁর বন্ধু ছিলেন। পরে তাঁরা আহত আলেমকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেন। বাসায় পুলিশ এসে তাঁর শরীরের আঘাত পরীক্ষা করে ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।
ছেলের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর তাঁর বাবাকে হাসপাতালে নেওয়ার কথা বলা হলেও তিনি রাজি হননি। পরদিন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর বাবার আগে থেকেই হৃদ্যন্ত্রে চারটি ব্লক ছিল। ঘটনার রাত থেকেই বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করছিলেন তিনি।
পোস্টে আরও বলা হয়, ঘটনার পর বাংলাদেশ খেলাফত মজলিসের কয়েকজন নেতা আহত আলেমের খোঁজখবর নিতে তাঁর বাসায় যান। পরদিন সকালে জামেয়া মাদানিয়া কর্তৃপক্ষের প্রতিনিধিরা পারিবারিকভাবে বাসায় এসে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। তাঁদের এ আন্তরিকতাকে সম্মান জানানোর কথাও উল্লেখ করেন ইবনে উবায়েদ।
তিনি জানান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও তাঁর বাবার খোঁজখবর নেন। রাতে সংগঠনটির আমির আল্লামা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালাল উদ্দীন ফোন করে তাঁর বাবার শারীরিক অবস্থার খোঁজ নেন।
পোস্টে ইবনে উবায়েদ বলেন, তাঁর বাবা কারও ওপর হামলা করতে যাননি; বরং কোরআনের অপব্যাখ্যার প্রতিবাদ করেছিলেন। তাঁর প্রতিবাদের ভাষা ছিল, ‘এই… এই মিয়া! মুখ সামলে কথা বলো!’ এতটুকু কথার জন্য একজন হামেলে কোরআনের ওপর ছুরিকাঘাতের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, জামেয়া মাদানিয়ার সঙ্গে তাঁদের পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। মাদরাসার উস্তাদদের প্রতি তাঁর বাবার শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। মাদরাসার কোনো ক্ষতি হোক, তা তাঁরা চান না। এ ঘটনায় মাদরাসার সঙ্গে তাঁদের কোনো বিরোধ নেই বলেও স্পষ্ট করেন তিনি।
পোস্টে খেলাফত মজলিস নেতা মাওলানা ইকবাল হুসাইনের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, তাঁরাও বিশ্বাস করেন না যে মাদরাসার কোনো উস্তাদ বা দায়িত্বশীল এ ঘটনায় জড়িত। তবে প্রকৃত হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি তাঁদের।
এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মাদরাসার কিছু ছাত্র ও ফারেগীনদের মন্তব্য ও আচরণে উগ্রতার প্রকাশ ঘটছে বলে অভিযোগ করেন ইবনে উবায়েদ। এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষের দায়িত্বশীল পদক্ষেপ কামনা করেন তিনি। পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় প্রকাশেরও দাবি জানান।
পোস্টের শেষাংশে তিনি বলেন, তাঁরা কারও বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে চান না কিংবা মাদরাসাকে কোনো বিতর্কে জড়াতে চান না। তাঁদের দাবি, প্রকৃত হামলাকারীদের শনাক্ত করে অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, ‘আমরা মাদরাসার বিরুদ্ধে নই, আমরা অপরাধীর বিরুদ্ধে। আমার আব্বুর শরীরে ছুরি চালানো সেই ব্যক্তি কে? আমরা তার পরিচয় জানতে চাই। আমরা ন্যায়বিচার চাই।’
লেখক: ইবনে উবায়েদ, আহত মাওলানা কারী উবায়দুর রহমানের ছেলে।
