অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে গণপিটুনি জনতার

নোয়াখালী জেলা শহর মাইজদীতে অটোরিকশায় মাইক বেঁধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ার সময় এক যুবককে গণপিটুনি দিয়েছেন স্থানীয় জনতা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের টাউনহল মোড় সংলগ্ন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা অটোরিকশা থেকে প্রচারণায় ব্যবহৃত দুটি মাইক ও একটি অ্যাম্প্লিফায়ার কেড়ে নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক একটি সিএনজিচালিত অটোরিকশায় মাইক বেঁধে শহরের পৌর বাজার এলাকা থেকে সুধারাম থানার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকেন। অটোরিকশাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌঁছালে ওই যুবক গাড়ি থেকে নেমে সড়কে দাঁড়িয়ে উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করেন।বাংলাদেশ ইতিহাস

নিষিদ্ধ সংগঠনের পক্ষে এমন প্রচার দেখে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে তেড়ে আসেন। অবস্থা বেগতিক দেখে যুবকটি পুনরায় অটোরিকশায় ওঠার চেষ্টা করলে জনতা তাঁকে টেনেহিঁচড়ে নামিয়ে উত্তম-মধ্যম দেয়। এ সময় অটোরিকশা চালককেও চড়-থাপ্পড় মারা হয়। পরবর্তীতে প্রচারের সরঞ্জামগুলো রেখে দিয়ে ওই যুবক ও চালককে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মাইক ও অ্যাম্প্লিফায়ার জব্দ করে থানায় নিয়ে যায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনরোষের মুখে পড়া ওই যুবকের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তাকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং জব্দকৃত সরঞ্জামগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ