
জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বাথানেনি হারিশ বলেছেন, গত পাঁচ বছরে আফগানিস্তানের রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে। তাই জাতিসংঘের বর্তমান নিষেধাজ্ঞা ব্যবস্থায় এ বাস্তবতা অবশ্যই বিবেচনায় নিতে হবে।
সোমবার (৮ জুন) আফগানিস্তান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।
হারিশ বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন নীতিগত উপকরণ প্রয়োজন, যার লক্ষ্য হবে আফগান জনগণের উপকার করা এবং নীতিগুলোকে সঠিক পথে পরিচালিত করা। শুধু শাস্তিমূলক ব্যবস্থার ওপর নির্ভর করা উচিত নয়। কারণ, তার মতে, এসব ব্যবস্থা ধীরে ধীরে কার্যকারিতা হারাচ্ছে।
আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলারও নিন্দা জানান হারিশ। ইউনামার একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এসব হামলায় উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছে।
তিনি আরও বলেন, “নিজের ব্যর্থতার জন্য প্রতিবেশীদের দায়ী করা পাকিস্তানের পুরোনো অভ্যাস। পাকিস্তান আফগানিস্তানের ওপর বাণিজ্য ও ট্রানজিট বিধিনিষেধ আরোপ করছে। এটি আফগানিস্তানের বাণিজ্য ও ট্রানজিট-সংক্রান্ত দুর্বলতাকে হাতিয়ার হিসেবে ব্যবহারের শামিল।”
তার মতে, স্থলবেষ্টিত একটি দেশের বাণিজ্যপথ বন্ধ করে দেওয়া স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশগুলোর বিষয়ে জাতিসংঘের নীতি ও ঘোষণার পরিপন্থী।
সূত্র: তোলো নিউজ
