উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রাচ্যের কবি আল্লামা মুহাম্মদ ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী স্মরণ কর্মসূচি শুরু করছে পাকিস্তান সরকার।
সোমবার (৯ নভেম্বর) শুরু হওয়া এসব কর্মসূচি আগামী বছরের ৯ নভেম্বর শেষ হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
ইকবাল দিবস ও আল্লামা মুহাম্মদ ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আন্তর্জাতিক সম্মেলন, শিক্ষা ও গবেষণাবিষয়ক সেমিনার, সাহিত্য উৎসব, প্রদর্শনী, শিক্ষামূলক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক আয়োজন। এসব উদ্যোগের লক্ষ্য হলো ইকবালের সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার সংরক্ষণ করা এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।
তিনি বলেন, ইকবাল দিবসের এই শুভক্ষণে প্রাচ্যের কবি আল্লামা মুহাম্মদ ইকবালের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আল্লামা ইকবাল উপমহাদেশের মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনা জাগ্রত করেছিলেন। তাঁদের স্বতন্ত্র জাতীয় পরিচয় উপলব্ধি করতে এবং তা প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করেছিলেন। পৃথক জাতিসত্তার এই চেতনা একটি স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠার ঐতিহাসিক সংগ্রামে মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
আল্লামা ইকবালের বুদ্ধিবৃত্তিক অবদান তুলে ধরে পাক প্রধানমন্ত্রী বলেন, আল্লামা ইকবাল ছিলেন অসাধারণ বুদ্ধিবৃত্তিক উচ্চতা ও গভীর প্রজ্ঞার অধিকারী একজন মানুষ। এই বিশিষ্ট দার্শনিক ও দূরদর্শী চিন্তাবিদের কালজয়ী দর্শন এখনো মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করছে এবং আমাদের তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মের বুদ্ধিবৃত্তিক বিকাশে ভূমিকা রাখছে। ইসলামের একজন বিশিষ্ট দার্শনিক হিসেবে আল্লামা ইকবাল ইসলামের শিক্ষার গভীর বুদ্ধিবৃত্তিক দিকগুলো অনুসন্ধান করেছেন। তাঁর ইসলামী চিন্তাধারা এখনো মুসলমানদের ব্যক্তিগত ও সামষ্টিক জীবনে অর্থবহ ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ইকবালের চিন্তাধারা যেন আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান, জাতীয় আলোচনা এবং উন্নয়ন অগ্রাধিকারের অবিচ্ছেদ্য ও গতিশীল অংশ হয়ে থাকে, তা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বুদ্ধিবৃত্তিক জাগরণ, চরিত্র গঠন এবং সামষ্টিক নবজাগরণ নিঃসন্দেহে আমাদের জাতীয় লক্ষ্যগুলোর অপরিহার্য অংশ হতে হবে।
আল্লামা ইকবালের ‘খুদি’ বা আত্মসত্তার দর্শন সম্পর্কে শাহবাজ শরিফ বলেন, আল্লামা ইকবালের ‘খুদি’ বা আত্মসত্তার ধারণা আমাদের শিক্ষা দেয়, আত্মোপলব্ধি, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে প্রচেষ্টা এবং আধ্যাত্মিক মুক্তির মাধ্যমে ব্যক্তি ও জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। আল্লামা ইকবাল তরুণদের ওপর অপরিসীম আস্থা রাখতেন। তাদের তিনি জাতির ভবিষ্যতের নির্মাতা মনে করতেন। তাঁর ‘শাহীন’ বা বাজপাখির ধারণার মধ্যে সাহস, স্বাধীনতা, উচ্চাকাঙ্ক্ষা এবং উৎকর্ষ অর্জনের অবিচল সাধনা প্রতিফলিত হয়েছে।
ইকবালের দর্শনে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরে শাহবাজ শরিফ বলেন, ইকবালের চিন্তাধারা শান্তি, সামাজিক সম্প্রীতি, সহনশীলতা ও ন্যায়বিচারকে টেকসই জাতীয় উন্নয়নের অপরিহার্য ভিত্তি হিসেবে তুলে ধরে। তাঁর জীবনদর্শন ঘৃণা, চরমপন্থা, সাম্প্রদায়িকতা ও বৈষম্যকে সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। আন্তর্জাতিক পর্যায়েও মুসলিম ঐক্য, সর্বজনীন ভ্রাতৃত্ব এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে ইকবালের বার্তা অত্যন্ত প্রাসঙ্গিক। ইকবালের বুদ্ধিবৃত্তিক দর্শনের আলোকে পাকিস্তান মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং আন্তর্জাতিক বিরোধগুলোর শান্তিপূর্ণ সমাধানে সমর্থন দিয়ে যাবে।
সূত্র : দুনিয়া নিউজ
