ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের মাধ্যমে লক্ষ্য অর্জনে আমেরিকা ব্যর্থ হয়েছে এবং চলমান অর্থনৈতিক যুদ্ধেও আমেরিকা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই।
মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্টের বক্তব্যের সমালোচনা করে এসব কথা বলেন রেজাই।
বেসেন্টের ইরানবিষয়ক পূর্বাভাসকে ভিত্তিহীন উল্লেখ করে রেজাই বলেন, ইরানের ওপর আমেরিকার অর্থনৈতিক অবরোধকে সফল হিসেবে তুলে ধরার চেষ্টা কোনো বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি। তাঁর ভাষ্য, সামরিক যুদ্ধে ব্যর্থ হওয়ার পর অর্থনৈতিক যুদ্ধেও আমেরিকা সফল হবে না।
রেজাই তাঁর পোস্টের সঙ্গে ব্লুমবার্গের একটি প্রতিবেদনও যুক্ত করেন। ওই প্রতিবেদনে বেসেন্টের বিভিন্ন অর্থনৈতিক পূর্বাভাস তাঁর বিশ্বাসযোগ্যতার ওপর চাপ তৈরি করছে বলে উল্লেখ করা হয়। রেজাই বলেন, বেসেন্টের সর্বশেষ প্রচারণার স্থায়িত্বও খুব বেশি হবে না।
রেজাই আরও বলেন, বেসেন্ট গত কয়েক সপ্তাহে গণমাধ্যমে একাধিকবার ইরানের বিরুদ্ধে আমেরিকার সামুদ্রিক অবরোধ কার্যকর হয়েছে এবং এর ফলে ইরানের অর্থনীতি মারাত্মক চাপে পড়েছে বলে বক্তব্য দিয়েছেন।
বেসেন্টের বক্তব্য অনুযায়ী, এই অবরোধ শেষ পর্যন্ত ইরানকে আমেরিকার সঙ্গে সমঝোতায় বসতে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে বাধ্য করবে। রেজাই এ অবস্থান প্রত্যাখ্যান করে বলেন, আমেরিকা হুমকি বা চাপ প্রয়োগ করে হরমুজ প্রণালি খুলতে পারবে না।
রেজাই বলেন, ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা এবং দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও অবরোধ প্রত্যাহারের বিষয়ে তেহরানের শর্ত মেনে নিলেই কেবল হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে।
তিনি বলেন, “আপনারা সামরিক যুদ্ধে হেরেছেন। অর্থনৈতিক যুদ্ধেও আপনারা ব্যর্থ হবেন। হুমকি বা চাপ প্রয়োগ করে হরমুজ খোলা যাবে না। ইরান পিছু হটবে না।”
হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যকার গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের তেল বাণিজ্যের বড় একটি অংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক ইরান-আমেরিকা সংঘাতের মধ্যে নৌপথটিতে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
ইরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক চাপের অংশ হিসেবে গত ১ অক্টোবর তেহরানের জ্বালানি ও পরিবহন খাতসহ বিভিন্ন খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এসব পদক্ষেপের লক্ষ্য ইরানের যুদ্ধ পরিচালনা ও অন্যান্য কার্যক্রমের অর্থায়নের পথ সংকুচিত করা।
সূত্র: তাসনিম, প্রেস টিভি, নূর নিউজ, রয়টার্স
