Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
বিশেষ প্রতিবেদন নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ইসলামী জাগরণ ও ব্রিটিশবিরোধী প্রতিরোধের অগ্রনায়ক তিতুমীরের শাহাদাতবার্ষিকী আজ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১৯, ২০২৬No Comments5 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলায় ইসলামী সংস্কার ও পুনর্জাগরণ আন্দোলনকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে রূপ দেওয়া অন্যতম অগ্রনায়ক ছিলেন সৈয়দ মীর নিসার আলী তিতুমীর। মুসলমানদের ইসলামী অনুশাসন পালনে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের অধিকার রক্ষা এবং জমিদারি শোষণের বিরুদ্ধে সাধারণ কৃষক ও তাঁতিদের সংগঠিত করেছিলেন তিনি। একপর্যায়ে তাঁর নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধে রূপ নেয়। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই বিপ্লবী ইসলামী নেতার ১৯৫তম শাহাদাতবার্ষিকী।

১৮৩১ সালের এই দিনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে শাহাদাতবরণ করেন তিতুমীর। কামানের গোলায় তাঁর নির্মিত ঐতিহাসিক বাঁশের কেল্লা ধ্বংস হলেও বাংলার ইসলামী জাগরণ ও ব্রিটিশবিরোধী প্রতিরোধের ইতিহাসে তাঁর সংগ্রাম এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।

১৭৮২ সালে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বশিরহাট অঞ্চলের চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিতুমীর। অবশ্য তাঁর জন্মস্থান হিসেবে হায়দারপুর গ্রামের নামও পাওয়া যায়। তাঁর প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। শৈশবে স্থানীয় মক্তবে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর মাদরাসায় অধ্যয়ন করেন তিনি। তিনি ছিলেন হাফিজে কুরআন। বাংলা, আরবি ও ফারসি ভাষার পাশাপাশি ইসলামী ধর্মতত্ত্ব, আইনশাস্ত্র, দর্শন ও তাসাওয়াফেও তাঁর গভীর জ্ঞান ছিল।

তিতুমীরের ধর্মীয় ও রাজনৈতিক চিন্তাধারায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে ১৮২২ সালে। ওই বছর পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে মক্কায় গিয়ে উপমহাদেশের প্রখ্যাত ইসলামী সংস্কারক ও বিপ্লবী নেতা সৈয়দ আহমদ শহীদ বেরেলভীর সংস্পর্শে আসেন তিনি। সৈয়দ আহমদ শহীদ তাঁকে মুসলিম সমাজের প্রচলিত অনৈসলামিক রীতিনীতি দূর করা এবং বিদেশি শাসনের পরাধীনতা থেকে মুক্তির সংগ্রামে উদ্বুদ্ধ করেন।

সৈয়দ আহমদ শহীদের নেতৃত্বাধীন তারিকায়ে মুহাম্মদীয়া আন্দোলন ছিল উপমহাদেশের ইসলামী সংস্কার ও পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ ধারা। এই আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিতুমীর বাংলায় ইসলামী সংস্কারের কার্যক্রম শুরু করেন।

১৮২৭ সালে দেশে ফিরে তিনি চব্বিশ পরগনা ও নদীয়া অঞ্চলের মুসলমানদের মধ্যে ইসলামী অনুশাসন প্রচারে আত্মনিয়োগ করেন। মুসলিম সমাজে প্রচলিত শিরক, বিদআত ও অনৈসলামিক রীতিনীতি পরিহার করে কুরআন-সুন্নাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনার আহ্বান জানান। বিশেষ করে কৃষক, তাঁতি ও সাধারণ মুসলমানদের মধ্যে তাঁর এই দাওয়াত ব্যাপক সাড়া সৃষ্টি করে।

তিতুমীরের নেতৃত্বে পরিচালিত এই আন্দোলন ছিল বাংলায় তারিকায়ে মুহাম্মদীয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। ইসলামী সংস্কারের মাধ্যমে মুসলমানদের মধ্যে ধর্মীয় সচেতনতা ও ঐক্য গড়ে তোলার পাশাপাশি তিনি তাদের ওপর চলমান বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধেও অবস্থান নেন।

তৎকালীন বাংলায় জমিদারি শোষণ, অতিরিক্ত খাজনা এবং ইউরোপীয় নীলকরদের অত্যাচারে কৃষকসমাজ বিপর্যস্ত ছিল। বিশেষ করে মুসলমান প্রজাদের ওপর বৈষম্যমূলক আচরণ ও অবৈধ কর আরোপের ঘটনা তিতুমীরের আন্দোলনকে নতুন মাত্রা দেয়।

পুঁড়ার জমিদার কৃষ্ণদেব রায়ের মুসলমান প্রজাদের ওপর অবৈধ কর আরোপ ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন তিনি। ঐতিহাসিক বিবরণে মুসলমানদের দাড়ি রাখার ওপর কর আরোপের ঘটনাও পাওয়া যায়। মুসলমানদের ধর্মাচরণের অধিকার ও মর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট এসব বিষয় তাঁর অনুসারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

কেবল কৃষ্ণদেব রায় নন, কৃষকদের ওপর নিপীড়নের কারণে গোবরডাঙার কালীপ্রসন্ন মুখোপাধ্যায়, তারাগোনিয়ার রাজনারায়ণ, নাগপুরের গৌরীপ্রসাদ চৌধুরী এবং গোবরা-গোবিন্দপুরের দেবনাথ রায়ের সঙ্গেও তিতুমীর সংঘর্ষে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি তিনি। অন্যদিকে তাঁর ক্রমবর্ধমান সাংগঠনিক শক্তিতে উদ্বিগ্ন হয়ে জমিদাররা সম্মিলিতভাবে তাঁর বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেন এবং ব্রিটিশ কর্তৃপক্ষকে সংঘাতে জড়ানোর চেষ্টা চালান।

এই পরিস্থিতিতে ইসলামী সংস্কার ও মুসলমান প্রজাদের অধিকার রক্ষার আন্দোলনের সঙ্গে জমিদারি শোষণের বিরুদ্ধে কৃষকদের সংগ্রাম যুক্ত হয়। ক্রমেই তা ব্রিটিশ ঔপনিবেশিক কর্তৃত্বের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধে পরিণত হয়।

তিতুমীর তাঁর অনুসারীদের নিয়ে একটি মুজাহিদ বাহিনী গঠন করেন। বাহিনীর সদস্যদের লাঠি ও অন্যান্য দেশীয় অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়। তাঁর ভাগ্নে ও অনুসারী গোলাম মাসুমকে বাহিনীর অধিনায়ক নিযুক্ত করা হয়।

প্রাথমিক পর্যায়ে জমিদারদের সমর্থিত বাহিনীর পাশাপাশি ব্রিটিশ কর্মকর্তাদের পরিচালিত কয়েকটি সামরিক অভিযানও প্রতিহত করেন তিতুমীরের মুজাহিদরা। গোবরডাঙার জমিদারের প্ররোচনায় মোল্লাহাটির ইংরেজ কুঠিয়াল ডেভিসের পরিচালিত আক্রমণ ব্যর্থ হয়। পরে বারাসতের কালেক্টর আলেকজান্ডার বশিরহাটের দারোগাকে নিয়ে তিতুমীরের বিরুদ্ধে অভিযান চালিয়েও পরাজিত হন।

১৮৩১ সালের অক্টোবর মাসে চব্বিশ পরগনার নারকেলবাড়িয়া গ্রামে নির্মাণ করা হয় ঐতিহাসিক বাঁশের কেল্লা। এটি হয়ে ওঠে তিতুমীরের নেতৃত্বাধীন মুজাহিদ বাহিনীর প্রধান সামরিক ঘাঁটি।

বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, ওই সময় তাঁর বাহিনীর সদস্যসংখ্যা প্রায় পাঁচ হাজারে পৌঁছায়। সামরিক প্রস্তুতি সম্পন্ন করে তিতুমীর নিজেকে ‘বাদশাহ’ ঘোষণা করেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানান। চব্বিশ পরগনা, নদীয়া ও ফরিদপুরের বিভিন্ন এলাকায় তাঁর কর্তৃত্ব বিস্তৃত হয়।

তিতুমীরের নেতৃত্বে গড়ে ওঠা এই প্রতিরোধ স্থানীয় জমিদার ও ব্রিটিশ শাসকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাকি ও গোবরডাঙার জমিদারদের কাছে কর দাবি করলে তাঁরা ব্রিটিশদের আশ্রয় নেন। কলকাতা থেকে পাঠানো ইংরেজ বাহিনী এবং জমিদারদের সম্মিলিত শক্তিও তিতুমীরের মুজাহিদদের কাছে পরাজিত হয়।

অবশেষে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক তিতুমীরের আন্দোলন দমনে নিয়মিত সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেন। লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে ১০০ অশ্বারোহী, ৩০০ পদাতিক সৈন্য এবং দুটি কামানসহ গোলন্দাজ বাহিনী পাঠানো হয়।

১৮৩১ সালের ১৪ নভেম্বর ব্রিটিশ বাহিনী তিতুমীরের মুজাহিদদের ওপর আক্রমণ শুরু করে। আধুনিক আগ্নেয়াস্ত্র ও কামানে সজ্জিত নিয়মিত সেনাবাহিনীর বিপরীতে তিতুমীরের অনুসারীদের প্রধান অস্ত্র ছিল লাঠি ও অন্যান্য দেশীয় অস্ত্র।

অস্ত্রশক্তির এই বিপুল অসমতার মধ্যেও মুজাহিদরা প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে তাঁরা বাঁশের কেল্লায় আশ্রয় নিলে ব্রিটিশ বাহিনী কামানের গোলাবর্ষণ করে কেল্লাটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়।

১৯ নভেম্বরের যুদ্ধে তিতুমীর তাঁর বহু অনুসারীসহ শাহাদাতবরণ করেন।

যুদ্ধের পর মুজাহিদ বাহিনীর অধিনায়ক গোলাম মাসুমসহ ৩৫০ জনকে বন্দি করে ব্রিটিশরা। পরে গোলাম মাসুমকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ১৪০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

তিতুমীরের শাহাদাতের মধ্য দিয়ে নারকেলবাড়িয়ায় তাঁর নেতৃত্বাধীন সশস্ত্র প্রতিরোধের অবসান ঘটে। তবে বাংলার ইতিহাসে তাঁর আন্দোলনের গুরুত্ব কেবল একটি সামরিক সংঘর্ষ বা স্থানীয় কৃষক বিদ্রোহের মধ্যে সীমাবদ্ধ নয়।

তাঁর আন্দোলনে ইসলামী সংস্কারের আহ্বান, মুসলমানদের ধর্মাচরণের অধিকার রক্ষা, জমিদারি শোষণের বিরুদ্ধে কৃষকদের সংগ্রাম এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ একই ধারায় বিকশিত হয়েছিল।

বিশেষ করে তারিকায়ে মুহাম্মদীয়া আন্দোলনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা বাংলার এই সংগ্রামকে উপমহাদেশের বৃহত্তর ইসলামী সংস্কার ও পুনর্জাগরণ আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিল। ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মুসলমানদের সংগঠিত করার পাশাপাশি কৃষকদের ওপর নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই ছিল তাঁর আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য।

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলায় সংগঠিত প্রতিরোধের ইতিহাসে তিতুমীরের সংগ্রাম তাই বিশেষ গুরুত্ব বহন করে। তাঁর নেতৃত্বে মুসলিম কৃষক ও তাঁতিদের একটি বড় অংশ যে সশস্ত্র প্রতিরোধে অংশ নিয়েছিল, তা উপমহাদেশের ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলনে ইসলামী সংস্কারধারার গুরুত্বপূর্ণ ভূমিকার সাক্ষ্য বহন করে।

ব্রিটিশ কামানের গোলায় নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা ধ্বংস হয়েছিল। কিন্তু তিতুমীরের সংগ্রামের ঐতিহাসিক গুরুত্ব মুছে যায়নি। শাহাদাতের ১৯৫ বছর পরও তিনি বাংলার ইসলামী পুনর্জাগরণ, মুসলমানদের অধিকার রক্ষা এবং ব্রিটিশবিরোধী সশস্ত্র প্রতিরোধের অন্যতম অগ্রনায়ক হিসেবে স্মরণীয় হয়ে আছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

আশেকে রাসূল গাজী ইলমুদ্দীন শহীদের পক্ষে জিন্নাহর ঐতিহাসিক আইনি লড়াই

সেপ্টেম্বর ১৬, ২০২৬

মেসিকে ছাড়াই দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেল আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬

শান্তি ও নিরাপত্তার জন্য শরিয়া আইন বাস্তবায়ন জরুরি

মে ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.