উত্তরখান থানাধীন ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ ১১৯ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা প্রদান করেছে আলেমদের সংগঠন ‘ইত্তেহাদুল উলামা উত্তরখান’।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) জাঁকজমকপূর্ণ ও ব্যতিক্রমধর্মী এক আয়োজনের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি সম্মাননা ক্রেস্ট, সনদপত্র (সার্টিফিকেট) এবং ৩টি ইসলামী বই তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ক্বারী মোঃ সেলিম।
এছাড়া অনুষ্ঠানে ইত্তেহাদুল উলামা উত্তরখানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যকার দূরত্ব দূর করে একটি সুদৃঢ় মুসলিম ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ ও ধর্মীয় শিক্ষার মেলবন্ধন আরও সুসংহত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
