ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন দিল্লি ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ২৩ মিনিট ১৩ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে বলে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে। এর উৎপত্তিস্থল ছিল চামোলিতে, ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কম্পন দিল্লি-এনসিআরসহ উত্তর ভারতের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। কম্পন অনুভূত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা জানাতে থাকেন অনেকে। দিল্লির বিভিন্ন এলাকার বাসিন্দারাও ঘরের আসবাব নড়াচড়া করার কথা জানিয়েছেন।
ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে বিভিন্ন সিনেমা ও সিরিজের দৃশ্য এবং জিআইএফ শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানান।
এদিকে একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের নগাঁও জেলায় ৪.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এনসিএসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৪টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ডে আঘাত হানা ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।
আসামের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নগাঁওয়ের ২৬.৪২৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৩.০৬০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। তাৎক্ষণিকভাবে ওই ভূমিকম্পেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তথ্যসূত্র: এনডিটিভি
