প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণমানুষের কল্যাণে রাজনীতি করেছেন এবং তার মূল আদর্শই ছিল মানুষকে সম্মান করা। জিয়াউর রহমানের নীতি-আদর্শ ধারণ করেই বিএনপি আজ রাষ্ট্র পরিচালনায় রয়েছে। তবে দলীয় আদর্শ থেকে বিচ্যুত হলে সাধারণ মানুষ ক্ষমা করবে না এবং ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজার সংলগ্ন বালুর মাঠে উপজেলা বিএনপি আয়োজিত দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলের নেতাকর্মীদের সতর্ক করে হুইপ নিজান বলেন, “একসময় হামলা-মামলার ভয়ে আপনাদের মিছিল শেষে বাগানে লুকিয়ে থাকতে হতো। আজ মিছিলে দুপাশে পুলিশ পাহারায় থাকছে। এই নিরাপত্তার কারণে নিজেদের বিশাল ক্ষমতাবান ভাবার সুযোগ নেই, কারণ এ ক্ষমতা চিরস্থায়ী নয়। বিগত দিনে আওয়ামী লীগ অন্যায়ভাবে ক্ষমতা দখল করে টিকে থাকতে চেয়েছিল, কিন্তু দেশের জনগণ তাদের ক্ষমা করেনি। আমরাও যদি একই ভুল করি, তবে জনগণ আমাদেরও ছাড় দেবে না।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক শিক্ষা স্মরণ করে তিনি বলেন, “আমাদের দেশনেত্রী শিখিয়েছেন কোনো অন্যায়ের কাছে মাথা নত না করতে। অপরাধ ও ইনসাফকে কখনো এক করা যাবে না। নেতাকর্মীদের সর্বদা হকের পক্ষে থেকে সমাজে ন্যায়বিচার ও ইনসাফ কায়েম করতে হবে।”
দলীয় নেতাকর্মীদের চাওয়া-পাওয়ার মানসিকতা ত্যাগের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “উপর থেকে নিচ পর্যন্ত সবাই পাওয়ার প্রতিযোগিতায় মেতে উঠলে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন সম্ভব নয়। দল করতে হলে নিজেদের নয়, সাধারণ ও দরিদ্র মানুষের প্রত্যাশা আগে পূরণ করতে হবে।”
অপ্রীতিকর ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের কড়া হুঁশিয়ারি দিয়ে আশরাফ উদ্দিন নিজান বলেন, “অতীতের মতো যারা নদী, রাস্তা কিংবা হাট-বাজারে চাঁদাবাজি করছেন অথবা দালালি করে গরিব মানুষকে হয়রানি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতার অপব্যবহার করে কোনো অন্যায় সহ্য করা হবে না।”
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমানের সাধারণ ও সুশৃঙ্খল জীবনযাত্রার পথ অনুসরণ করে পথ চলতে হবে। এ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হতে হবে তার মূল বাণী—‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’। তবেই কেবল কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন সম্ভব।”
উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম দিদার হোসেনের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদার, আবদুল কাদের, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম অধ্যাপক নুরুল ইসলাম এবং মহিলা দলের সভানেত্রী হোসনেয়ারা বাশারসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
