
ইরানের প্রয়াত ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ বুধবার (০১ জুলাই) নাসীরুদ্দীন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। এনসিপির একমাত্র প্রতিনিধি হিসেবে তিনিই তেহরান যাচ্ছেন বলেও জানান তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ইতোমধ্যে ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। তবে এখনো ভিসা না পাওয়ায় বিমানের টিকিট কাটতে পারেননি। ফলে তিনি কবে এবং কোন ফ্লাইটে ঢাকা ছাড়বেন, তা এখনো নিশ্চিত হয়নি।
এনসিপির অন্যতম শরীক দল জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলও যাচ্ছে তেহরানে। প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
এছাড়া, প্রতিনিধিদলে রয়েছেন মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী ও ডা. এসএম খালিদুজ্জামান। আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে এ দলটি। প্রতিনিধিদলটি ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবে।
