
গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি শিশুদের গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে বলে জানিয়েছে প্যালেস্টাইন সেন্টার ফর প্রিজনারস স্টাডিজ।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে অন্তত এক হাজার ৮০০-এর বেশি শিশুকে আটক করা হয়েছে।
সংস্থাটির প্রতিবেদনের বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, এসব গ্রেপ্তার বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং ফিলিস্তিনি শিশুদের লক্ষ্য করে একটি পরিকল্পিত নীতির অংশ, যা বৃহত্তর দমন-পীড়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। ইসরায়েলি দখলদারিত্ব শুরুর পর থেকে এখন পর্যন্ত কয়েক হাজার শিশু আটক হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর পর থেকে শিশুদের ওপর নির্যাতনের মাত্রা ও ধরন আরও কঠোর হয়েছে। বিশেষ করে খাদ্য সংকট, শারীরিক নির্যাতন ও চিকিৎসাসেবা না দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠে এসেছে।
সংস্থাটি জানায়, খাদ্যের অভাব ও চিকিৎসা সংকটের কারণে ওয়ালিদ আহমদ নামের ১৭ বছর বয়সি এক কিশোরের মৃত্যু হয়েছে, যিনি মেগিড্ডো কারাগারে আটক ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, শিশুদের গ্রেপ্তার প্রক্রিয়াও অনেক ক্ষেত্রে সহিংস ও নিষ্ঠুর। গভীর রাতে বাড়িতে অভিযান চালানো, ভাঙচুর এবং জোরপূর্বক শিশুদের ধরে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এরপর তাদের জিজ্ঞাসাবাদ কেন্দ্রে নিয়ে গিয়ে মারধর, অপমান ও ন্যূনতম স্বাস্থ্য সুবিধাবিহীন পরিবেশে আটকে রাখা হয়।




