
চট্টগ্রামে পাঁচলাইশ এলাকায় একটি বাসার তিনটি ফ্ল্যাটে সংঘটিত চুরির ঘটনায় জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিষয়টি জানান পাঁচলাইশ মডেল থানার এসআই মোঃ রিয়াদ উছ সালেহীন।
তিনি বলেন, নগরীর পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকার নাহার ভিলার বাসিন্দা গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ চৌধুরীর পরিবারের ব্যবহৃত এ/১, বি/১ ও সি/১ নম্বর ফ্ল্যাটে গত ৭ জুন ভোরে চুরির ঘটনা ঘটে। রাত আনুমানিক ৪টার দিকে তার মেয়ে জারিকা ইমানী বিনতে ইউসুফ বাসার ভেতরে একজন চোরকে দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা জেগে ওঠেন।
পরে তারা দেখতে পান, বি/১ নম্বর ফ্ল্যাটের ড্রয়িংরুমের জানালার রড ভাঙা এবং ঘরের বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে। চোরেরা এ/১ নম্বর ফ্ল্যাট থেকে স্বর্ণের চুড়ি, ব্রেসলেট, ডায়মন্ডের আংটি, রুপার কয়েন, রুপার চেইন, রুপার আংটি, বিদেশি লেডিস পার্স, নগদ ৭০ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। এছাড়া বি/১ নম্বর ফ্ল্যাট থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন এবং সি/১ নম্বর ফ্ল্যাট থেকে ডাক্তারি সরঞ্জাম ও একটি লেডিস পার্স চুরি করা হয়।
ঘটনার পর পাঁচলাইশ মডেল থানায় মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গত ১৫ জুন রাতে হাটহাজারীর মীরেরহাট এলাকা থেকে মোঃ খোরশেদ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চোরাইকৃত একটি OPPO অ্যান্ড্রয়েড ফোন ও একটি SYMPHONY বাটন ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার খোরশেদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন সকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কোনাগাঁও এলাকা থেকে ইসমাইল হোসেন (৩৮) নামে আরও এক সদস্যকে আটক করা হয়।
পুলিশ জানায়, দুই আসামির স্বীকারোক্তির ভিত্তিতে কোতোয়ালী এলাকার একটি স্বর্ণের দোকান থেকে চোরাইকৃত স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা প্রায় ৪ ভরি ৯ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এছাড়া খুলশী থানার আমবাগান নালাপাড়া ছিন্নমূল কলোনিতে তাদের ভাড়া বাসায় অভিযান চালিয়ে চারটি রুপার কয়েন, দুটি রুপার চেইন, দুটি রুপার নূপুর, দুটি লেডিস পার্স এবং নগদ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
