
গাজীপুরের টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মাছিমপুর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আবুল কালাম জামালপুর জেলার মেলান্দহ উপজেলার টগারচর গ্রামের আফছার আলীর ছেলে। আটক পিপাসা আক্তার (২২) একই এলাকার আব্দুল করিমের মেয়ে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জীবিকার তাগিদে এক মাস আগে সপরিবারে টঙ্গীতে আসেন আবুল কালাম। পরে টঙ্গী পশ্চিম থানাধীন কলাবাগান বস্তিতে বাসা ভাড়া নিয়ে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন তিনি। সোমবার রাতে বাসায় পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী পিপাসা তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পিপাসাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে এবং আবুল কালামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠায়।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। নিহতের ভাই মামলা করেছেন। আসামিকে মঙ্গলবার গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
