
নাঙ্গারহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্নাতক সমাপনী অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উচ্চশিক্ষামন্ত্রী নাদা মুহাম্মাদ নাদিম বলেছেন, ইমারাতে ইসলামিয়া দক্ষ পেশাজীবী নিয়োগ এবং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৃহস্পতিবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরিয়ানা নিউজ।
অনুষ্ঠানে স্নাতকদের উদ্দেশে নাদিম বলেন, তাদের নিজেদের দক্ষতা আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে জনগণের সেবা ও দেশের উন্নয়নে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, ইমারাতে ইসলামিয়া শুধু ধর্মীয় মাদরাসার ওপর মনোযোগ দিচ্ছে না, বরং আফগানিস্তানকে সব খাতে এগিয়ে নিতে কাজ করছে।
নাদিম বলেন, “আমরা প্রকৌশল খাতে প্রতিশ্রুতিবদ্ধ, চিকিৎসা খাতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের দেশকে প্রতিটি খাতে গড়ে তুলতে চাই।”
আফগানিস্তানে বিদ্যমান ইসলামি ব্যবস্থার প্রতি সমর্থনের ওপরও গুরুত্বারোপ করে তিনি বলেন, সারা বিশ্বের মুসলিমরা আফগান জনগণের সাহস ও স্বাধীনচেতা অবস্থানকে সম্মান করে।
নাদিম বলেন, “বিশ্বজুড়ে মুসলিমরা বিশ্বাস করে, আফগানরা স্বাধীনতাপ্রিয় জাতি, ইসলামের রক্ষক এবং এমন এক জাতি, যারা নিজেদের স্বাধীনতা কারও কাছে বিক্রি করে না।”
অনুষ্ঠানে নাঙ্গারহার বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিষয়ে মোট ২ হাজার ২০০ শিক্ষার্থী স্নাতক সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
স্নাতক সমাপনী অনুষ্ঠানে নাঙ্গারহারের গভর্নর, বেসামরিক ও সামরিক কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব, অধ্যাপক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, আলেম এবং স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের পরিবারের সদস্যসহ স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সূত্র: আরিয়ানা নিউজ
