
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর দক্ষিণখান মুন্সিমার্কেট এলাকায় অবস্থিত বাইতুল মুমিন মাদরাসার কিন্ডারগার্টেন বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল আজ (১৪ জুন) রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
ফলাফল প্রকাশকে কেন্দ্র করে মাদরাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ-উচ্ছ্বাস। ফলাফল জানতে শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে।
মাদরাসা কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ সন্তোষজনক সাফল্য অর্জিত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, দ্বীনি ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞানচর্চায়ও শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও উৎকর্ষতা অর্জন করবে।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে মাদরাসার দায়িত্বশীলগণ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ধারাবাহিক সাফল্য বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে যেসব শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
বক্তারা বলেন, শিক্ষা জীবনের প্রতিটি পরীক্ষাই একজন শিক্ষার্থীর জন্য নতুন অভিজ্ঞতা ও আত্মমূল্যায়নের সুযোগ। তাই ফলাফল যাই হোক, অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে সফলতার পথে এগিয়ে যেতে হবে।
উল্লেখ্য, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত বাইতুল মুমিন মাদরাসা দীর্ঘদিন ধরে এলাকার শিশুদের মানসম্মত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য, নৈতিক মূল্যবোধের চর্চা এবং সুশিক্ষা নিশ্চিতকরণে প্রতিষ্ঠানটি অভিভাবক মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
