বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, ষড়যন্ত্র করে মানুষের কণ্ঠরোধ করা যায় না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি ও ইসলামী আলোচক মুফতি আমির হামজা।
তার ভাষ্য, ‘ভয়ভীতি কিংবা প্রতিবন্ধকতা দেখিয়ে আমাকে আমার অবস্থান থেকে একচুলও সরানো যাবে না। জনগণের সঙ্গে আমার সম্পর্ক কোনো বাধা বা ষড়যন্ত্রের ওপর নির্ভরশীল নয়; এই সম্পর্ক ভালোবাসা, আস্থা ও আদর্শের।’
ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক তাফসিরুল কোরআন মাহফিলে বাধা দেওয়া ঘিরে সৃষ্ট নাটকীয়তার অবসানের পর আজ শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
ফেসবুক পোস্টটিতে মুফতি আমির হামজা লেখেন, “প্রিয় ঝিনাইদহবাসী, আজ আমি আসছি কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে। আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে, আপনাদের ভালোবাসা ও প্রত্যাশার কথা শুনতে এবং সত্যের পক্ষে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে।”
তিনি লেখেন, “মনে রাখবেন, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, ষড়যন্ত্র করে মানুষের কণ্ঠরোধ করা যায় না। ভয়ভীতি কিংবা প্রতিবন্ধকতা দেখিয়ে আমাকে আমার অবস্থান থেকে একচুলও সরানো যাবে না, ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, জনগণের সঙ্গে আমার সম্পর্ক কোনো বাধা বা ষড়যন্ত্রের ওপর নির্ভরশীল নয়; এই সম্পর্ক ভালোবাসা, আস্থা ও আদর্শের।”
বক্তা আমির হামজা আরও লেখেন, “আমি আসছি, আপনারাও আসুন। দেখা হবে, কথা হবে, মতবিনিময় হবে। ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের অপেক্ষায় রইলাম। সত্যের পথ কখনো বাধামুক্ত হয় না, কিন্তু সত্যের প্রতি অবিচল থাকাই আমার অঙ্গীকার।
প্রসঙ্গত, শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের পরিকল্পনা করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে।
তবে, মাহফিল আয়োজনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এরপরই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় বিএনপি ও জামায়াতের মধ্যে সমঝোতার মাধ্যমে কিছু শর্তসাপেক্ষে মাহফিল আয়োজনের সিদ্ধান্ত হয়।
