সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনায় ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ধারাবাহিক হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৯ ডলারের কাছাকাছি পৌঁছেছে। ফলে যেকোনো সময় এটি ১০০ ডলারের মনস্তাত্ত্বিক সীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা।
বাজার সূত্রে জানা গেছে, মঙ্গলবার আন্তর্জাতিক ফিউচার্স মার্কেটে ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ৯৯ ডলারে লেনদেন হয়েছে। এর আগে সোমবার কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দর ৯৮ দশমিক ০৬ ডলারে ওঠার পর দিন শেষে ৯৭ ডলারে স্থির হয়েছিল।
একই সময়ে আমেরিকার অক্টোবরের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের ফিউচার্স চুক্তিমূল্য দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৪৭ ডলারে।
মঙ্গলবারের আন্তর্জাতিক বাজার প্রতিবেদনে ব্রেন্টের সর্বোচ্চ দর ৯৯ দশমিক ২২ ডলার এবং ডব্লিউটিআইয়ের সর্বোচ্চ দর ৯৪ দশমিক ৬০ ডলার পর্যন্ত ওঠার কথা জানানো হয়েছে।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের তেল স্থাপনা লক্ষ্য করে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েকটি জ্বালানি স্থাপনায় আগুন ধরে যায়। নিরাপত্তাজনিত কারণে এসব স্থাপনার কয়েকটিতে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ বা সীমিত করা হয়। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
হুথিদের হামলায় সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন লাগার পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরেও হামলা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় ৭৩ জন আহত হয়েছেন। হামলার প্রভাবেই আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা বেড়ে গিয়ে তেলের দাম কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
সূত্র: রয়টার্স, আল-জাজিরা
