
নেত্রকোনা সদর উপজেলায় ভাত দিতে দেরি করায় মাকে লোহার শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এই নির্মম ঘটনা ঘটে।
নিহত আবুনি ওরফে রুকশী (৫০) চল্লিশা গ্রামের বাসিন্দা শ্যমলালের স্ত্রী। অভিযুক্ত শ্যামল (২৩) তার ছেলে। অভিযুক্ত ছেলে শ্যামল (২৩) মাদকাসক্ত ও মানসিক ভারসাম্য বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবুনি ওরফে রুকশী বাসা বাড়িতে কাজ করে সংসার চালাতেন। মঙ্গলবার দুপুরে ঘরে এসে মা রুকশীকে ভাত দিতে বলেন শ্যামল। ভাত দিতে দেরি হওয়ায় শ্যামল ঘরে থাকা লোহার শাবল তার মাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এ সময় মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত শ্যামলকে হাতেনাতে আটক করে। তবে শাবলের আঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান মা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
