
ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (৫ জুলাই) রাতে উপজেলার চন্দপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল বারেক আকন্দ উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের মৃত আব্বাস আলী আকন্দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভাংনামারী ইউনিয়নের বয়রা বাজার থেকে বাড়ি ফিরছিলেন বারেক। এসময়ই সময় চন্দ্রপাড়া সড়কে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মাজহারুল ইসলাম আকাশ বলেন, বাবা বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন ছিনতাইকারী পথ আটকায়। বাবা তাদের চিনে ফেলায় ছুরিকাঘাত করে সড়কে ফেলে যায়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
