বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকের কর্মকাণ্ডের প্রতি অসন্তোষ প্রকাশ করে তাকে ‘কুত্তার বাচ্চা’ অখ্যায়িত করে মন্তব্যের অভিযোগ উঠেছে হেফাজত ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বিরুদ্ধে। সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে জামায়াতে ইসলামী ও মামুনুল হকের সমালোচনা করে তিনি এমন মন্তব্য করেন।
তবে ‘কুত্তার বাচ্চা’ শব্দটি গালি হিসেবে দেখা হয় না বলে অভিমত প্রকাশ করেছেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেক। এ বিষয়ে গতকাল রবিবার (৮ নভেম্বর) তিনি নিজের ফেসবুকে পোস্ট দেন
সেখানে তিনি দাবি করেন, বাবুনগরীর একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে।
পোস্টে বলা হয়, প্রচারিত বক্তব্যটি আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে শোনানো হলে তিনি বলেন— ‘আমি তো কথাটি তাকে বলিনি। সে তো আমার সন্তানের মতো প্রিয়।’
মাওলানা আব্দুল খালেকের দাবি, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ শব্দটি সব ক্ষেত্রে গালি হিসেবে ব্যবহৃত হয় না। বিশেষ কিছু প্রেক্ষাপটে এটি কথার বুলি কিংবা স্নেহ প্রকাশের ভাষা হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। এমনকি সন্তানকে আদর করেও এ ধরনের শব্দ ব্যবহারের প্রচলন রয়েছে।
পোস্টে আরও দাবি করা হয়, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী মাওলানা মামুনুল হককে উদ্দেশ্য করে ওই শব্দ ব্যবহার করেননি। এমনকি তার নাম উল্লেখ করেও কথাটি বলেননি।
এদিকে, আঞ্চলিক ভাষার কোনো শব্দকে মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে ব্যক্তিগত আক্রমণ বা অপমান হিসেবে প্রচার করা অনুচিত বলে পোস্টে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে মনগড়া ব্যাখ্যা ও বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
