জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে ৬৭৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৪৫৭টি হত্যা মামলা। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, এসব মামলার মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া একই ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন।
গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন। সম্প্রতি তার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। যদিও শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনও আবেদন করেননি বলে জানিয়েছে দিল্লি হাইকমিশন।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। পুনর্গঠিত ট্রাইব্যুনালের বিচারকাজ শুরুর প্রথম দিন, ২০২৪ সালের ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
ওই মামলার রায় হয় ২০২৫ সালের ১৭ নভেম্বর। জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির জন্যও আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। ২০২৫ সালের এপ্রিলে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে এ আবেদন করে। তবে রেড নোটিশ জারি হয়নি।
