চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে মরানদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে জুমার নামাজের সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাঁচ শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে একজন শিশু পানিতে ডুবে যেতে থাকলে তাকে উদ্ধারের জন্য অন্যরা এগিয়ে যায়। এ সময় একে একে পাঁচজনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো-দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামের মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও তার বোন আরিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২), নিজামুদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) এবং তার বোন সুরাইয়া (৯)।
দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান বলেন, “এ ধরনের দুর্ঘটনা এ এলাকায় এই প্রথম। পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।”
