স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম বলেছেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে নিজেরাই হামলা করে বিএনপির ওপর দায় চাপানো হয়েছে। অথচ এ ঘটনায় জামায়াতের একজন সংসদ সদস্যের জামাই গ্রেপ্তার হয়েছেন। এসব ঘটনা থেকে ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। শিবগঞ্জে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এই মশাল মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবে গুপ্ত ও নিষিদ্ধরা নানা অপতৎপরতায় লিপ্ত হয়েছে। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তবে তাদের মনে রাখতে হবে, এ দেশের জনগণ শেখ হাসিনাকে আর মেনে নেবে না।
বিএনপির রাজনৈতিক আন্দোলন সংগ্রামের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রাম করেই আজ রাষ্ট্রক্ষমতায় এসেছে। দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মধ্য দিয়ে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তাই বিএনপিকে পতনের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। ষড়যন্ত্র কিংবা ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।
তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে সরকার কাজ করছে। এ অগ্রযাত্রা ব্যাহত করতে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
এর আগে উপজেলা চত্বর থেকে একটি মশাল মিছিল বের করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে উপজেলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
