Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

হুথিদের হামলায় সৌদির জাজান তেল শোধনাগারে আগুন, নিহত ১

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ২৭, ২০২৬No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইরান সমর্থিত হুথি বাহিনীর হামলায় সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় জাজান শহরের তেল শোধনাগারে আগুন লেগেছে। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। হামলার পর শোধনাগারটির কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, নিহত ব্যক্তি নেপালের নাগরিক। আহতরা বিভিন্ন দেশের নাগরিক। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার পর জরুরি উদ্ধারকর্মী ও বিশেষায়িত কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা ক্ষয়ক্ষতি নিরূপণ এবং স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাইয়ের কাজ শুরু করে।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতিতে হামলাকারীদের পরিচয় উল্লেখ করা হয়নি। তবে হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, ইরান সমর্থিত হুথিরা শোধনাগারটিতে হামলা চালিয়েছে। এর আগে জাজান প্রদেশে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করেছিল সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হুথি বাহিনীর সর্বশেষ হামলা এটি। এর এক দিন আগে দেশটির বৃহত্তম তেল শোধনাগার ও অপরিশোধিত তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র রাস তানুরা এবং লোহিত সাগরের উপকূলীয় জেদ্দা ও জাজান বন্দরে হামলার কথা জানিয়েছিল হুথি বাহিনী। দুই পক্ষের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এসব হামলা চালানো হচ্ছে।

ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত জাজান তেল শোধনাগারটির দৈনিক অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা ৪ লাখ ব্যারেল।

হামলার নিন্দা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। একই সঙ্গে পাল্টা সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তারা। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো হলে তার কঠোর সামরিক জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার পরে আল-মালিকি জানান, জোটের বাহিনী ইয়েমেনের হোদেইদা প্রদেশে হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ ধ্বংস করেছে। তার বক্তব্য অনুযায়ী, ওই মঞ্চ ব্যবহার করেই জাজান তেল শোধনাগারে হামলা চালানো হয়েছিল। এ বিষয়ে হুথি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ইয়েমেনে স্থলযুদ্ধও তীব্র হয়েছে। পশ্চিমা সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার তারা হুথিদের অবস্থান লক্ষ্য করে ৭৬৭টি হামলা চালিয়েছে। এসব হামলায় হুথিদের ১১৭ যোদ্ধা নিহত হয়েছেন এবং ৮৭টি যানবাহন ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সরকারি বাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি এসব তথ্য জানান। তিনি বলেন, মারিব প্রদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সম্মুখসারিতে হুথিদের বিভিন্ন অবস্থানের বিরুদ্ধে হামলা অব্যাহত রয়েছে। এছাড়া আল-জাওফ, তাইজ, লাহজ, শাবওয়া ও হাজ্জা প্রদেশেও হুথিদের বিরুদ্ধে লড়াই চলছে।

এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় ধারাবাহিক বিমান হামলা চালানো হয় বলে হুথি-সংশ্লিষ্ট গণমাধ্যম জানিয়েছে। হুথি বাহিনী আনসার আল্লাহ নামেও পরিচিত।

এ ছাড়া হুথি বাহিনী হাবিব আল-সারম, আল-হুজাল্লা এবং আল-মাসরাখ জেলার আল-আকুরোদ এলাকায় হামলা চালিয়েছে।

ইয়েমেনের জনবহুল এলাকাগুলোর নিয়ন্ত্রণ রয়েছে হুথি বাহিনীর হাতে। দেশটির গৃহযুদ্ধ জুলাইয়ে নতুন করে তীব্র হওয়ার পর থেকে তারা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, তেল স্থাপনা ও অফিস ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। আমেরিকা ও ইরানের যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ার মধ্যেই ইয়েমেনের সংঘাত নতুন করে তীব্র হয়।

এর আগে এসব হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর কয়েকটি কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। রিয়াদে অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইটও বাতিল করতে হয়েছিল। এ ছাড়া এশিয়ান কাপ ফুটবল এবং সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই)সহ বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক আয়োজন স্থগিত বা বাতিল করতে বাধ্য হয় দেশটি।

ইয়েমেনের সংঘাত দেশটির সাধারণ মানুষের ভয়াবহ মানবিক সংকট আরও বাড়িয়ে তুলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আগস্টে সংঘাত তীব্র হওয়ার পর থেকে সোমবার পর্যন্ত ইয়েমেনে ২ হাজার ৩৬১ জন নিহত এবং ১০ হাজার ৯৮২ জন আহত হয়েছেন। জাতিসংঘের তথ্য বলছে, আগস্টের শুরু থেকে দেশটিতে ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

সূত্র: সৌদি জ্বালানি মন্ত্রণালয়

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সৌদি-ইয়েমেন সংঘাত প্রতিরক্ষা চুক্তিভুক্ত দেশগুলোর বৈঠকে আলোচনায় উঠবে: খাজা আসিফ

নভেম্বর ২৭, ২০২৬

অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জার্মানি

নভেম্বর ২৭, ২০২৬

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

নভেম্বর ২৪, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.