ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে ‘বিশ্বের সর্ববৃহৎ সরস্বতীর স্থায়ী মূর্তি’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা এ উদ্যোগকে ‘আধিপত্যবাদী ও হিন্দুত্ববাদী নীলনকশার অংশ’ হিসেবে উল্লেখ করে এর নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান সরকারকে এ বিষয়ে তদন্তের আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রংপুরের পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণের ষড়যন্ত্রের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বের সর্ববৃহৎ সরস্বতীর স্থায়ী মূর্তি নির্মাণের তৎপরতা শুরু হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে পরাজিত আধিপত্যবাদী শক্তি দেশে হিন্দুত্ববাদী ‘সফট-পাওয়ার’ সংহত করতে একটি বিশেষ সম্প্রদায়কে ‘ট্রোজান হর্স’ হিসেবে ব্যবহার করছে।
জগন্নাথ হলের সার্বিক অধিকার প্রসঙ্গে তারা উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হলটি শুধু কোনো একক সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নয়। বৌদ্ধ, খ্রিস্টান ও পাহাড়ি নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্যও হলটি নির্ধারিত। ফলে নির্দিষ্ট কোনো একটি সম্প্রদায় এটিকে একক ভোগদখলের সম্পত্তি বানাতে পারে না।
বিবৃতিতে সেক্যুলার ও প্রগতিশীলদের ভূমিকার সমালোচনা করে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অনুষ্ঠান কিংবা গরু জবাইয়ের ঘটনায় যারা নীরব থাকেন না, তারাই এখন মূর্তি নির্মাণের এই ইস্যুতে নিশ্চুপ রয়েছেন।
হেফাজত নেতারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের অনুসারীদের প্রার্থনার অধিকার তারা স্বীকার করেন। জগন্নাথ হলে হিন্দু শিক্ষার্থীরা বরাবরই প্রধান ধর্মীয় উৎসবগুলো উদ্যাপন করে আসছেন।
তবে হঠাৎ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের লক্ষ্য নিয়ে এত বড় স্থায়ী মূর্তি নির্মাণের পরিকল্পনার নেপথ্যে কট্টর সাম্প্রদায়িক ব্যক্তিবর্গ ও আধিপত্যবাদের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বর্তমান সরকার, রাজনৈতিক দল ও দেশপ্রেমিক গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি জোর দাবি জানান তারা।
