মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা মুরশিদ সিদ্দিকী।
আজ তিনি ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং এই কঠিন দুর্যোগে সহমর্মিতা জানান।
মাওলানা মুরশিদ সিদ্দিকী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এ সংকটময় সময়ে তাদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের অফিস সম্পাদক এইচ এম খোকন, বনানী থানা সাধারণ সম্পাদক মাওলানা রিয়াজুল আমিন, সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
