সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। খবর আল জাজিরার।
সামরিক অভিযানের মুখে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা (যাদের অধিকাংশই মুসলিম) প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হওয়ার ঘটনায় এই রায় দেওয়া হলো।
আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া জানান, ৯টি বনাম ৬টি ভোটের সিদ্ধান্তে আদালত দেখেছেন যে, মিয়ানমার “গণহত্যা সনদের অধীনে থাকা বাধ্যবাধকতা লঙ্ঘন করে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে”।
এই আদালতে কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করার ঘটনা এটিই প্রথম। এছাড়া নাৎসি হলোকাস্টের পর কোনো আন্তর্জাতিক আদালতে গণহত্যা সংঘটিত হওয়ার রায় দেওয়ার ক্ষেত্রে এটি মাত্র চতুর্থ ঘটনা।
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া এই মামলাটি দায়ের করেছিল। ২০১৯ সালে দেশটি মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মূল করার চেষ্টার অভিযোগ আনে। গাম্বিয়া আইসিজের কাছে আবেদন জানিয়েছিল যেন আদালত মিয়ানমারকে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেন, রোহিঙ্গাদের লক্ষ্য করে চালানো যেকোনো অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দেন এবং গণহত্যার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করেন।
তবে মিয়ানমার দাবি করেছিল, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধারা পুলিশ চৌকিতে হামলা চালানোর জবাবে তারা ওই অভিযান চালিয়েছিল।
তিন ঘণ্টাব্যাপী রায় পাঠের সময় ইওয়াসাওয়া বলেন, তথ্যপ্রমাণে দেখা গেছে মিয়ানমারের বাহিনী ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।
তিনি আরও বলেন, “আদালত দেখেছেন যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক মাত্রায় যৌন সহিংসতা ও শিশুদের ওপর চরম নৃশংসতা চালিয়েছে এবং রোহিঙ্গারা যখন দলে দলে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন তাদের ওপর হামলা চালিয়েছে।”
তিনি যেসব নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেছেন, সেগুলোতে মিয়ানমার “গণহত্যার উদ্দেশ্য” নিয়ে কাজ করেছিল বলে জানান।
আইসিজে জানিয়েছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ব্যাপক নৃশংসতার তথ্যপ্রমাণ থেকে “একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত” এটাই দাঁড়ায় যে, সংখ্যালঘু রোহিঙ্গাদের একটি “উল্লেখযোগ্য অংশ” ধ্বংস করার উদ্দেশ্য তাদের ছিল।
দালত আরও বলেন, সামরিক অভিযানে যখন সশস্ত্র বেসামরিক ব্যক্তিরা অংশ নিয়েছিল, তখন গণহত্যার ঝুঁকি রয়েছে তা মিয়ানমারের জানা উচিত ছিল। আদালতের ভাষায়, “ফলে মিয়ানমার গণহত্যা প্রতিরোধে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।”
ইওয়াসাওয়া বলেন, “মিয়ানমারের অন্যায় কর্মকাণ্ডের ফলস্বরূপ” দেশটি এখন ক্ষতিপূরণ ও পূর্বাবস্থা ফিরিয়ে দিতে বাধ্য।
আদালত জানিয়েছেন, মিয়ানমারের পক্ষ থেকে যথাযথ প্রতিকার বা পুনর্বাসনের মধ্যে যেসব বিষয় অন্তর্ভুক্ত থাকবে তা হলো: রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের ব্যবস্থা করা; ক্ষতিগ্রস্ত সব যৌথ সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা প্রতিস্থাপন করা; নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সহায়তা করা এবং যথাযথ দাফন নিশ্চিত করা; মানসিকভাবে ক্ষতিগ্রস্তদের শারীরিক ও মনস্তাত্ত্বিক পুনর্বাসনের ব্যবস্থা করা; এবং নির্যাতন থেকে এই জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা।
ন্যায়বিচারের জন্য বছরের পর বছর ‘অপেক্ষা’
দ্য হেগ থেকে আল জাজিরার প্রতিবেদক স্টেপ ভ্যাসেন জানান, আদালত নিশ্চিত করেছেন যে অন্তত চারটি গণহত্যামূলক কর্মকাণ্ড প্রমাণিত হয়েছে। সেগুলো হলো বেসামরিক নাগরিকদের গণহত্যা, লাখ লাখ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা, এই জনগোষ্ঠীর ওপর গুরুতর ক্ষতি সাধন এবং জন্মদান প্রতিরোধ করা।
ভ্যাসেন জানান, বিচারকের মতে ২০১৭ সালের অনেক আগে থেকেই রোহিঙ্গাদের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো আচরণ করা হয়েছে। তিনি আরও জানান, তাদের জন্মনিয়ন্ত্রণ কর্মসূচিতে অংশ নিতেও বাধ্য করা হয়েছিল।
তিনি বলেন, “তাই বিচারক এটিকে একটি অত্যন্ত জোরালো প্রমাণ হিসেবে দেখেছেন যে… সেখানে গণহত্যামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছিল।”
ওই প্রতিবেদক বলেন, এই রায় “রোহিঙ্গাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যেকোনো ধরনের ন্যায়বিচারের জন্য ১০ বছর ধরে অপেক্ষা করছে। তবে এটি পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও গুরুত্বপূর্ণ, কারণ গণহত্যা প্রমাণ করা অত্যন্ত কঠিন একটি কাজ।”
আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বলেন, যেকোনো গণহত্যা মামলার সবচেয়ে কঠিন অংশ হলো কোনো একটি গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রমাণ করা, যা অত্যন্ত কঠিন একটি মানদণ্ড। তিনি উল্লেখ করেন, কোনো রাষ্ট্রের গণহত্যা চালানোর সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল বলে আইসিজে এর আগে কখনো রায় দেননি।
ক্যাডম্যান আল জাজিরাকে বলেন, “আদালত গণহত্যা সনদ এবং এই সনদে যা বলা হয়েছে তা দ্বারাই পরিচালিত হন এবং এর মানদণ্ড অনেক উঁচু।”
মানবাধিকার সংস্থাগুলো এই রায়কে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, “আমরা আশা করি এই রায়ের মাধ্যমে মিয়ানমারে দীর্ঘ প্রতীক্ষিত জবাবদিহিতা নিশ্চিতের প্রক্রিয়া শুরু হবে।” সংস্থাটি আরও বলেছে, আন্তর্জাতিক আইনের অধীনে সংঘটিত সব অপরাধের “কার্যকর তদন্ত হতে হবে এবং সন্দেহভাজন দায়ীদের বিচারের আওতায় আনতে হবে”।
ক্যাডম্যান বলেন, “আইসিজের এই রায়ের মধ্য দিয়েই পরিস্থিতির সমাপ্তি ঘটছে না, বরং পরবর্তী পদক্ষেপের ওপর অনেক কিছু নির্ভর করবে। এর মধ্যে রয়েছে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যায় কি না, কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয় কি না, অথবা রায় কার্যকর করা নিশ্চিত করতে আদালত অন্য কোনো প্রতিকারের নির্দেশ দেন কি না।”
জাতিসংঘের তথ্যমতে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে ১৩ লাখের বেশি রোহিঙ্গা এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন, যাদের মধ্যে ১২ লাখই বাংলাদেশের কক্সবাজারের বিশাল শরণার্থী শিবিরগুলোতে বসবাস করছেন। সংঘাত, কমে আসা মানবিক সহায়তা এবং বিপজ্জনক সমুদ্রযাত্রার কারণে এই জনগোষ্ঠীর অনেক সদস্য এখনো বাস্তুচ্যুত ও অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
