প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, যেভাবে চব্বিশের চেতনায়, ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই স্বৈরাচারী সন্ত্রাসীদের বের করে দিয়েছিল, বিতাড়িত করে দিয়েছিল, ঠিক সেভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এরা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এই দেশকে জোর করে শাসন করেছিল। ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে সেই স্বৈরাচারী সন্ত্রাসীদের দেশ থেকে বের করে দিয়েছিল, ঠিক সেভাবে আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
তিনি বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। গুম-খুন বন্ধের রাজনীতির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেই অধিকার আবারও কেড়ে নিতে চায় তারা।
প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, তাদের কি আবার গুম-খুনের রাজনীতি করার পারমিশন আপনারা দেবেন? ভোটের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আপনারা দেবেন? মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আবার দেবেন তাদের?’
