সম্প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর ‘কুত্তার বাচ্চা’ বলে গালি দেওয়া নিয়ে বিতর্কের মধ্যে এবার তার পক্ষে কোরআনের আয়াতের মনগড়া ব্যাখ্যা দিয়ে জমিয়তের বক্তা মাওলানা মুফতি মুজিবুর রহমান চাঁদপুরী বলেছেন, আল্লাহও এমন গালি দিয়েছেন।
সম্প্রতি জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসায় আয়োজিত ইসলামী মহাসম্মেলনে এসব কথা বলেন মুফতি মুজিবুর রহমান চাঁদপুরী। বুধবার (১১ নভেম্বর) তার বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এমন বক্তব্যের পর ওই এলাকায় উত্তেজনার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
বক্তব্যে তিনি বলেন, শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী কাউকে ‘কুত্তার বাচ্চা’ বললে তা যথাযথই বলেছেন। কারণ, কোরআনেও এ ধরনের উদাহরণ রয়েছে। তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
ভাইরাল ভিডিওতে মুফতি মুজিবুর রহমানকে বলতে শোনা যায়, ‘আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী দুই-তিন দিন আগে কাকে যেন কুত্তার বাচ্চা বলেছেন। শুনেছেন আপনারা? কুত্তা যা, কুত্তার বাচ্চাও তা। কথা বলেন। কুত্তা যা, কুত্তার বাচ্চাও তা। আমাদের দেশে কুত্তার বাচ্চা বা শুকরের বাচ্চা বলে যে গালিটি দেওয়া হয়, মূলত যাকে উদ্দেশ করে বলা হয়, তাকেই কুকুর বা শুকরের সঙ্গে তুলনা করা হয়। তার বাবাকে উদ্দেশ করা হয় না।’
তিনি আরও বলেন, ‘বাবা উদ্দেশ্য হলে বিষয়টি ভিন্ন। যেমন, বাবা চোর ছিল, ছেলেও চোর- সে ক্ষেত্রে বলা হয়, তোর বাপও চোর ছিল, তুইও চোর। এখন কথা হলো, এই গালিটি কেমন? এটা তো আল্লাহও দিয়েছেন।’
এ সময় কোরআনের সুরা আল-আরাফের ১৭৫ নম্বর আয়াতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোরআন ও সুন্নাহ অনুসরণ না করে, আম্বিয়া-কেরাম, আউলিয়া-কেরাম ও বুজুর্গদের অনুসরণ না করে যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, তাদের উদাহরণ কুকুরের মতো দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি উপস্থিত শ্রোতাদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘বলছি কি বলে নাই?’
মুফতি মুজিবুর রহমান আরও বলেন, ‘১৬০ বছর ধরে দেওবন্দি কওমিরা সারা পৃথিবীতে দ্বীন ও মিল্লাতের হেফাজতের জন্য লড়াই করে আসছে। তাদের বাদ দিয়ে, বুজুর্গদের কথা ও ওলামায়ে কেরামকে উপেক্ষা করে যারা এমন ব্যক্তিদের সঙ্গে থাকে, যারা দুশমনে সাহাবা ও দুশমনে নবী এবং কওমি মাদ্রাসাকে ধ্বংস করতে চায়, তাদের যদি কোনো বুজুর্গ কুত্তার বাচ্চা বলে থাকেন, তাহলে যথার্থই বলেছেন। কোরআনের আলোকে বলেছেন। এখানে সমালোচনা করার কিছু নেই।’
বুধবার ফেসবুকে ওমর ফারুখ নামে এক ব্যক্তি ভিডিওটি শেয়ার করে মুফতি মুজিবুর রহমানের বক্তব্যের সমালোচনা করেন। তিনি লেখেন, ‘মস্তিষ্কে পচন ধরলে এমনই হয়! একজন মুরুব্বির বেফাঁস গালি দেওয়াকে জায়েজ করার জন্য আল্লাহ গালি দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। নাউজুবিল্লাহ। গালি শব্দকে আল্লাহর দিকে নিসবত করা সুস্পষ্ট কুফরি। এটার নাম কি দেওবন্দিয়াত?’
এর আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর একটি বক্তব্যকে কেন্দ্র করে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। গত শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী দিনে বক্তব্য দেন তিনি।
সম্মেলনে জামায়াতে ইসলামী ও মওদূদীবাদের সমালোচনা করতে গিয়ে বাবুনগরী ‘কুত্তার বাচ্চা’ শব্দটি ব্যবহার করেন। বক্তব্যের ওই অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে দাবি করেন, তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে ইঙ্গিত করে এ মন্তব্য করেছেন।
বিষয়টি নিয়ে কওমি অঙ্গনের কয়েকজন আলেম সমালোচনা করেন। তাঁদের মতে, রাজনৈতিক অবস্থান বা কর্মকাণ্ডের সমালোচনা করা গেলেও প্রকাশ্যে এ ধরনের ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়। গাজীপুরের সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস জুবায়ের আহমদ এ বক্তব্যের সমালোচনা করেন। কওমি উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা রোকন রাইয়ানও বাবুনগরীর ক্ষমা চাওয়া উচিত বলে মত দেন।
তবে বিতর্কের মধ্যে বাবুনগরীর বক্তব্যের ব্যাখ্যা দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। গত ৮ নভেম্বর প্রকাশিত এক ব্যাখ্যায় তারা জানায়, মাওলানা মামুনুল হককে উদ্দেশ করে বাবুনগরী ওই শব্দ ব্যবহার করেছেন বলে যে প্রচার চলছে, তা বিভ্রান্তিকর। আলোচিত বক্তব্যটি বাবুনগরীকে শোনানো হলে তিনি বলেন, ‘আমি তো কথাটি তাকে বলিনি। সে তো আমার সন্তানের মতো প্রিয়।’
এ ছাড়া চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ শব্দটি সব ক্ষেত্রে গালি হিসেবে ব্যবহৃত হয় না বলেও দাবি করে মাদ্রাসা কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, বিশেষ কিছু ক্ষেত্রে এটি কথার বুলি কিংবা স্নেহ প্রকাশের ভাষা হিসেবেও ব্যবহৃত হয়। এমনকি সন্তানকে আদর করেও এ ধরনের শব্দ ব্যবহারের প্রচলন রয়েছে।
বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেকও ৯ নভেম্বর নিজের ফেসবুক পোস্টে একই ধরনের ব্যাখ্যা দেন। তিনি দাবি করেন, বাবুনগরী মাওলানা মামুনুল হকের নাম উল্লেখ করেননি এবং তাঁকে উদ্দেশ্য করেও কথাটি বলেননি।
